আর কয়েক দিন পরেই মুসলিমদের বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা মুসলিমদের মতো ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলের মুসলিমরাও যখন এই ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন, সে সময়েই তাদের পশু চুরি করা শুরু করেছে ইহুদি বসতি স্থাপনকারীরা।
সম্প্রতি পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের পশু চুরির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, খুব ভোরের দিকে একটি খামার থেকে এক দল ভেড়া ও ছাগল তাড়িয়ে নিয়ে যাচ্ছে মুখোশপরা দুই ব্যক্তি। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, খামারটির অবস্থান দক্ষিণাঞ্চলীয় শহর হেবরনের হারিবাত আল নাবি এলাকায় এবং সেটির মালিক একজন ফিলিস্তিনি; আর যে দুই মুখোশধারী ব্যক্তি ছাগল-ভেড়াগুলোকে তাড়িয়ে নিয়ে যাচ্ছেন, তারা সেখানকার ইহুদি বসতি স্থাপনকারী।
পশ্চিম তীরভিত্তিক সংবাদ সংস্থা কুদ নিউজ নেটওয়ার্কের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে ভিডিওটি।
পশ্চিম তীরে ফিলিস্তিনি বসতিস্থাপনকারীদের পশু চুরির ঘটনা অবশ্য নতুন নয়। সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম তীর অঞ্চলের বিভিন্ন শহরে-গ্রামে ফিলিস্তিনিদের পশু চুরি, ক্ষেতের ফসল চুরি এবং ফসল নষ্ট করার মতো ঘটনাগুলো বাড়ছে এবং প্রতিটি ক্ষেত্রেই এসব ঘটাচ্ছে ইহুদি বসতিস্থাপনকারীরা।
ফিলিস্তিনি এবং ইসরায়েলি মানবাধিকার সংস্থাগুলোর মতে, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের চাপে রাখা এবং নিজের ভূমি থেকে তাদের উচ্ছেদ করার লক্ষ্যেই এসব করছে ফিলিস্তিনি বসতি স্থাপনাকারীরা।
সূত্র : আলজাজিরা