রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা থেকে পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ দুর্ধর্ষ কিশোর গ্যাং কব্জিকাটা গ্রুপের সেকেন্ড ইন কমান্ড এবং ‘আই ডোন্ট কেয়ার গ্রুপ’র প্রধান আহমেদকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২১ মে) সকালে র্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবিন রহমান তাপস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বুধবার (২০ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানার চাঁদ উদ্যান এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আহমেদকে একটি দেশীয় পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আহমেদ জানায়, তিনি ও তার সহযোগীরা মোহাম্মদপুর, আদাবরসহ আশপাশের বিভিন্ন এলাকায় অস্ত্র, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন। এছাড়া তারা অস্ত্রের মহড়া ও প্রদর্শনের মাধ্যমে জনমনে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করতেন বলেও অভিযোগ রয়েছে।
র্যাবের দাবি, গ্রেপ্তার আহমেদ ‘কব্জিকাটা গ্রুপ’-এর দ্বিতীয় প্রধান এবং ‘আই ডোন্ট কেয়ার গ্রুপ’-এর নেতৃত্ব দিতেন।
থানা পুলিশের তথ্য যাচাই করে জানা যায়, তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে।
র্যাব আরও জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসী ও অপরাধচক্রের বিরুদ্ধে তাদের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া আলামত ও গ্রেপ্তার আসামিকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।