September 23, 2026 Times Asian24
1790168540 screenshot 9 23 2026 7 00 28
Share: Facebook X WhatsApp

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে এক ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছে ইরান। হরমুজ প্রণালি ও উপসাগরীয় এলাকা থেকে জব্দ করা মার্কিন ও ইসরায়েল-সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলো নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ যুদ্ধাহত ও ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে তেহরান।

​ইরানি বিচার বিভাগের আইনজীবী কাউন্সিলের প্রধান হাসান আবদোলিয়ানপুর সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান। আদালতের নির্দেশেই এসব নৌযান আটক করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সংঘাতের কারণে যেসব সাধারণ মানুষ ও পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, জাহাজ বিক্রির তহবিল সরাসরি তাদের পুনর্বাসনে ব্যবহার করা হবে। তবে চূড়ান্তভাবে কতটি জাহাজ বিক্রি করা হচ্ছে বা কবে নাগাদ এই প্রক্রিয়া শুরু হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি তিনি।

​অন্যদিকে, ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশসহ বিভিন্ন এলাকায় মার্কিন হামলায় কী পরিমাণ অবকাঠামোগত ও অর্থনৈতিক ক্ষতি হয়েছে, তা নিরূপণে বিচারিক বিশেষজ্ঞদের একটি দল কাজ শুরু করেছে বলে জানা গেছে।

​উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষভাগে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সংঘাত শুরু হলে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় উত্তপ্ত হয়ে ওঠে মধ্যপ্রাচ্য। বৈশ্বিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট ‘হরমুজ প্রণালি’ কার্যত অবরুদ্ধ হয়ে পড়ায় বিশ্ববাজারেও তীব্র স্থবিরতা তৈরি হয়।

সূত্র: মিডল ইস্ট মনিটর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *