জামায়াতের ছায়ায় থাকলে এনসিপি পরগাছায় পরিণত হবে: রাশেদ খাঁন
জামায়াতের ছায়ায় থাকলে এনসিপি পরগাছায় পরিণত হবে: রাশেদ খাঁন
১১ দলীয় জোটের সমাবেশে নাহিদ ও আসিফকে ‘বেইমান’ বলার ঘটনায় এনসিপি নেতাদের অবস্থান স্পষ্ট করার আহ্বান
দীর্ঘসময় জামায়াতের ছত্রছায়ায় থাকলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চারাগাছ থেকে পরগাছায় পরিণত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
রোববার (১ নভেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, জনসভা থেকে শিবির নেতা সাদিক কায়েম সাবেক ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে যেভাবে ‘বেইমান’ আখ্যায়িত করেছেন এবং জামায়াতের নেতাকর্মীরা তাতে সমর্থন জানিয়েছেন, এরপর এনসিপির নেতাকর্মীদের আত্মমর্যাদা থাকলে এ ঘটনার প্রতিকার ছাড়া জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের কোনো বৈঠক বা সমাবেশে অংশ নেওয়া উচিত নয়।
তিনি আরও লেখেন, গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের সেই শক্তি ও সাহস রয়েছে কি না, নাকি জামায়াতের কাছে আটটি আসনের বিনিময়ে তাঁরা নিজেদের পুরোপুরি সমর্পণ করেছেন, তা দেখার বিষয়।
এনসিপির ভবিষ্যৎ নিয়ে রাশেদ খাঁন বলেন, তাঁরা চান এনসিপি চারাগাছ থেকে একদিন বটবৃক্ষে পরিণত হোক। কিন্তু দীর্ঘসময় জামায়াতের ছত্রছায়ায় থাকলে দলটি পরগাছায় পরিণত হবে, বটবৃক্ষ হওয়ার সুযোগ হারাবে।
আটটি আসন পাওয়াকেই এনসিপি সবচেয়ে বড় সুযোগ মনে করলে ভবিষ্যতে আসনসংখ্যা ৮০ বা ১৫০ ছাড়ানোর সম্ভাবনা তৈরি হবে না বলেও মন্তব্য করেন তিনি। এ সময় এনসিপিকে আরেকটি খণ্ডবিখণ্ড জাসদে পরিণত হওয়ার আশঙ্কার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।