বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু: বন্ধু দীপের ৪ দিনের রিমান্ড, বান্ধবী দিশা গ্রেপ্তার
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু: বন্ধু দীপের ৪ দিনের রিমান্ড, বান্ধবী দিশা গ্রেপ্তার
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তাঁর বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তাহসিফের বান্ধবী দিশাকেও গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। অন্যদিকে, শনিবার (৩১ অক্টোবর) আদালত দীপকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াসের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
নৌ পুলিশ ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, তাহসিফের মৃত্যুর ঘটনায় দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক কিছু প্রমাণ পাওয়া গেছে। রিমান্ডে নিয়ে তাঁকে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত দেড়টা পর্যন্ত তাহসিফ দীপের সঙ্গে ছিলেন। দীপ তাঁকে নিয়ে টঙ্গীর মাজার বস্তি এলাকায় যান। তবে সেখান থেকে দীপ একাই ফিরে আসেন।
আদালতে জমা দেওয়া পুলিশের ফরোয়ার্ডিং প্রতিবেদনেও দীপের সংশ্লিষ্টতার বিষয়টি উল্লেখ করা হয়েছে। টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিনের স্বাক্ষরিত আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডে দীপের জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। তদন্তের স্বার্থে তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
মামলার বিবরণ অনুযায়ী, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় দীপের ডাকে বাসা থেকে নিজের মোটরসাইকেল নিয়ে বের হন তাহসিফ। পরদিন ২৮ অক্টোবর বিকেলে উত্তরখানের রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।
এর আগে দীপ দাবি করেছিলেন, তাহসিফের সঙ্গে একটি রেস্তোরাঁয় রাতের খাবার খাওয়ার পর উত্তরা হাউজবিল্ডিং এলাকায় তাঁদের বিচ্ছেদ হয়।
বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, মাদক বিক্রির স্থান হিসেবে পরিচিত ওই এলাকায় মধ্যরাতে তাহসিফের সঙ্গে যাওয়ার বিষয়টি দীপ স্বীকার করেছেন। পরে পিবিআই কর্মকর্তারা তাঁকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
শুক্রবার রাতে তাহসিফের বাবা হত্যা মামলা দায়ের করার পর দীপকে গ্রেপ্তার দেখানো হয়। মামলার তদন্তের অংশ হিসেবে তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।