কোনাবাড়ীতে শ্রমিক আন্দোলনকারীদের হামলায় বিএনপির দুই নেতা আহত

November 2, 2026 • Imran Hossain
gazipur 6ae87c4b78808
Share: Facebook X WhatsApp

কোনাবাড়ীতে শ্রমিক আন্দোলনকারীদের হামলায় বিএনপির দুই নেতা আহত

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন, মাথায় আঘাত নিয়ে হাসপাতালে দুই নেতা

গাজীপুরের কোনাবাড়ীতে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে মাথায় আঘাত পেয়ে দুই নেতা গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া অন্তত তিনজন আহত হয়েছেন।

সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কোনাবাড়ী বিসিক শিল্প এলাকায় এ ঘটনা ঘটে।

আহত দুই নেতা হলেন কোনাবাড়ী মেট্রো থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রবিউল আলম রবি এবং কোনাবাড়ী থানা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন হিমু। তাঁরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

এ ছাড়া ওয়ার্ড বিএনপির সহসভাপতি বুলবুল আহমেদসহ অন্তত তিনজন শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। তাঁরা কোনাবাড়ী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত রবিউল আলম রবি জানান, সকাল ৯টার দিকে কোনাবাড়ী বিসিকের ১ নম্বর গেটের পাশে কয়েকজন বিএনপি নেতা অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ আন্দোলনকারীরা এসে লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এতে ইটের আঘাতে তাঁর মাথা ফেটে যায়। একই ঘটনায় সাহাবউদ্দিন হিমুও মাথায় আঘাত পান।

রবি অভিযোগ করেন, শ্রমিক আন্দোলনের আড়ালে অন্য কোনো দলের ইন্ধনে একটি পক্ষ তাঁদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিচার এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

প্রত্যক্ষদর্শী কামরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে কোনাবাড়ী বিসিক এলাকায় কয়েকজন বিএনপি নেতা দাঁড়িয়ে ছিলেন। কিছুক্ষণ পর দুই থেকে তিন শ শ্রমিক আন্দোলনকারী সেখানে এসে তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে দুই নেতার মাথা ফেটে যায় এবং অন্য নেতাকর্মীরাও আহত হন।

ঘটনাস্থলে কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সভাপতি ইদ্রিস আলী সরকার, সাবেক সভাপতি রবিউল আলম রবি, সহসভাপতি মালেক শিকদার, আকবর আলী, হযরত আলী, আব্দুল বারেক সরকার এবং যুবদল নেতা ফয়সাল সরকারসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *