চলমান আন্দোলনের মধ্যেই শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী
চলমান আন্দোলনের মধ্যেই শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী
ন্যূনতম মজুরি নির্ধারণে আলোচনার আশ্বাস, অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি
চলমান শ্রমিক আন্দোলনের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠকে বসেছেন তৈরি পোশাকশিল্পের শ্রমিক নেতারা। সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ছাড়াও শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং গার্মেন্টসশিল্পের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত রয়েছেন। বৈঠকে শ্রমিক নেতারা তাঁদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরবেন বলে জানা গেছে।
এর আগে সোমবার সকালে সচিবালয়ে গার্মেন্টসশিল্পের মালিকদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানান, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে নির্ধারিত সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, বিগত কয়েক দিন ধরে পতিত স্বৈরাচারের সমর্থিত কিছু পক্ষ নিরীহ শ্রমিকদের ব্যবহার করে শিল্প খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে ইন্ধন দিয়ে আন্দোলনের নামে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, শিল্প মালিকদের সহযোগিতা চাওয়া হয়েছে এবং তাঁরা সহযোগিতার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে উদ্দেশ্যমূলকভাবে যেসব শিল্পপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে, সেগুলোর তালিকা দিতে মালিকদের অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া শিল্প খাতে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টায় জড়িত শ্রমিক সংগঠন ও সংশ্লিষ্ট নেতাদের তালিকাও চাওয়া হয়েছে বলে জানান তিনি।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো শ্রমিক বা শ্রমিক সংগঠন শ্রমিকদের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে বলে তাঁরা বিশ্বাস করেন না।