স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, দলীয় প্রতীক ব্যবহার না হলেও বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে নিজেদের প্রার্থীর পক্ষে অবস্থান নিচ্ছে, যা নির্বাচনকে উত্তপ্ত করে তুলতে পারে। তারা চান ভালো নির্বাচনের একটি সংস্কৃতি চালু হোক।

সোমবার (১৮ মে) আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) নতুন কমিটির দায়িত্বগ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ এম এম নাসির উদ্দিন বলেন, যেহেতু এবার দলীয় প্রতীকে নির্বাচন হবে না, তাই আচরণবিধি ও পরিচালনা বিধি পরিবর্তনের কাজ চলছে। অতীতে স্থানীয় সরকার নির্বাচনে অনেক হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনা ঘটেছে। বিশেষ করে গ্রামাঞ্চলে প্রতিদ্বন্দ্বিতা অত্যন্ত তীব্র হয়ে ওঠে এবং প্রার্থীদের মধ্যেও সংঘাত দেখা দেয়।

সিইসি বলেন, নির্বাচন কমিশন একা কোনো নির্বাচন সফল করতে পারে না। আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, রাজনৈতিক দল, প্রার্থী, সাংবাদিক এবং ভোটারসহ সব পক্ষের সহযোগিতা প্রয়োজন। এ জন্য স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ব্যাপক সচেতনতা কার্যক্রমে গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন সবসময় একটি সৎ ও সঠিক পথে ছিল। অনেক বড় বড় নেতা ফোনে কথা বলতে চাইলেও তিনি কথা বলেননি। সবাইকে অফিসে এসে কথা বলার নিয়ম বজায় রেখেছেন। আইনকানুনের প্রতি অঙ্গীকার ও নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকাকেই তিনি সবচেয়ে বড় মনে করেন। কারণ, দিনশেষে সবাইকে সৃষ্টিকর্তার কাছে চূড়ান্ত জবাবদিহি করতে হবে।

সিইসি আরও বলেন, কোনো নির্দিষ্ট ডিজাইন ছাড়া, একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন এবং সবার জন্য সমান সুযোগ তৈরি করাই কমিশনের একমাত্র লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *