সৌদিতে ক্ষেপণাস্ত্র প্রতিহতের দৃশ্য ধারণ ও শেয়ার না করতে ভারতীয়দের সতর্কবার্তা

October 25, 2026 • Imran Hossain
82ffb778bc442f74d490c572f2c8bef8 6ade06987f6da
Share: Facebook X WhatsApp

সৌদিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দৃশ্য ধারণ-শেয়ারে ভারতীয়দের সতর্কবার্তা

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার দৃশ্য ভিডিও করা কিংবা সংশ্লিষ্ট তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ ও শেয়ার না করতে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে ভারত। আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি সিভিল ডিফেন্স ডিরেক্টরেটের একটি বিজ্ঞপ্তি পুনরায় প্রকাশ করেছে। এতে সৌদি আরবে বসবাসরত ভারতীয় নাগরিকদের স্থানীয় আইন ও নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কার্যক্রম কিংবা সেগুলোর পতনস্থলসংক্রান্ত ছবি, ভিডিও বা তথ্য ধারণ, প্রকাশ ও শেয়ার করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনগত দায়বদ্ধতার মুখে পড়তে হতে পারে।

ফ্লাইট চলাচলে বিধিনিষেধ

প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের বেসামরিক স্থাপনা ও বিমানবন্দর লক্ষ্যবস্তু হওয়ার ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। এর পরিপ্রেক্ষিতে ভারতীয় মিশন সৌদি আরবের কয়েকটি রুটে ফ্লাইট স্থগিতের তথ্যও জানিয়েছে।

ঘোষণা অনুযায়ী, রিয়াদ ও দাম্মাম থেকে এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইট আগামী ৭ নভেম্বর পর্যন্ত এবং জেদ্দা থেকে ফ্লাইট ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার কথা জানানো হয়েছে।

জরুরি সহায়তায় কন্ট্রোল রুম

পরিস্থিতি মোকাবিলায় জেদ্দা ও মক্কায় ২৪ ঘণ্টা চালু থাকা কন্ট্রোল রুম স্থাপন করেছে ভারতীয় কনস্যুলেট। ফ্লাইট বাতিলের কারণে ভিসা ও ভ্রমণসংক্রান্ত জটিলতা নিরসনে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানানো হয়েছে।

সৌদি আরবে অবস্থানরত ভারতীয় নাগরিকদের স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ এবং নিরাপত্তাসংক্রান্ত তথ্য প্রকাশের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ভারতীয় মিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *