সারাদেশে হামের উপসর্গে একদিনে আরও ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭০
ঢাকা: সারাদেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) আরও ১১ জন শিশুর মৃত্যু হয়েছে। এটি চলতি মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।
একই সময়ে সারাদেশে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৬ জনে। এর মধ্যে নিশ্চিত হামের কারণে মারা গেছে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৭৫ জনের।
পরিস্থিতি মোকাবিলায় দেশের বিভিন্ন হাসপাতালে আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে এবং আক্রান্তদের সঠিক পরিচর্যা ও সময়মতো টিকা দেওয়ার ওপর জোর দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর।