জার্মানিতে যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, অক্ষত পাইলট

September 23, 2026 timesasian24
untitled 1 1790142010
Share: Facebook X WhatsApp

জার্মানিতে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। প্রশিক্ষণ মহড়া শেষে ফেরার পথে অবতরণের সময় দেশটির পশ্চিমাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। তবে বিমানের পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন এবং তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে মার্কিন সামরিক বাহিনী।

সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল বলছে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পশ্চিম জার্মানির স্প্যাংডাহলেম বিমানঘাঁটির কাছে এ দুর্ঘটনা ঘটে। মার্কিন ওই বিমান ঘাঁটিতেই বিধ্বস্ত এফ-১৬ যুদ্ধবিমানটি মোতায়েন ছিল। এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী জানায়, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দলের সদস্যরা কাজ করছেন।

এদিকে জার্মানির বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, মোট চারটি এফ-১৬ যুদ্ধবিমান একটি প্রশিক্ষণ মহড়ায় অংশ নিয়েছিল। সেগুলোরই একটি বিধ্বস্ত হয়।

বিবৃতিতে বলা হয়, ‘চারটি এফ-১৬ যুদ্ধবিমানের মধ্যে দুটি বিমান তখনও প্রশিক্ষণ এলাকায় ছিল। অন্য দুটি স্প্যাংডাহলেম বিমানঘাঁটির দিকে ফিরছিল। এই দুটি বিমানের একটি অবতরণের জন্য এগিয়ে যাওয়ার সময় বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

জার্মান কর্তৃপক্ষ আরও জানায়, বাকি এফ-১৬ যুদ্ধবিমানগুলো রামস্টেইনে মার্কিন বিমানবাহিনীর ঘাঁটিতে নিরাপদে অবতরণ করেছে।

এর আগে গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে প্রশিক্ষণ চলাকালে আরেকটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনার পর টেক্সাস মিলিটারি ডিপার্টমেন্ট জানায়, বিধ্বস্ত ওই এফ-১৬ যুদ্ধবিমানটি ছিল টেক্সাস এয়ার ন্যাশনাল গার্ডের ১৪৯তম ফাইটার উইংয়ের।

মিশিগানের আলপেনায় ন্যাশনাল গার্ডের একটি ঘাঁটি থেকে নিয়মিত প্রশিক্ষণ মিশনে অংশ নিয়েছিল বিমানটি। পরে গ্র্যান্ড ট্রাভার্স কাউন্টিতে সেটি বিধ্বস্ত হয়।

বিভাগটি জানিয়েছে, ‘যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার আগে পাইলট সফলভাবে বিমান থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন’। অবশ্য বিমানটি কেন বিধ্বস্ত হয়েছিল, তা এখনো জানা যায়নি। দুর্ঘটনার কারণ তদন্ত করছে সামরিক কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *