জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূতের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের আবাসস্থলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন।
দ্বিপক্ষীয় এই বৈঠকে মিয়ানমারের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, মিয়ানমার কেন্দ্রিক রোহিঙ্গা সংকট এবং এই জটিল সমস্যার একটি টেকসই ও স্থায়ী সমাধান নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠককালে রোহিঙ্গা সংকটের ভয়াবহতা তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবিক সুবিধা নিশ্চিত করার পাশাপাশি তাদের নিজ দেশ মিয়ানমারে সম্মানজনক ও নিরাপদ প্রত্যাবর্তনই এই সংকটের মূল সমাধান। রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফেরত পাঠাতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে আরও শক্তিশালী ও সমন্বিত সহযোগিতা কামনা করেন তিনি।
সাক্ষাৎকালে উভয় পক্ষ রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক উদ্যোগ জোরদার করা এবং সংকট নিরসনে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন।