জাতিসংঘ অধিবেশনে তারেক রহমান: ট্রাম্পের নৈশভোজে ড. জুবাইদাসহ যোগ দিলেন প্রধানমন্ত্রী

September 23, 2026 • Times Asian24
news 1790144418613
Share: Facebook X WhatsApp

​জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে থাকা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ড. জুবাইদা রহমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত বিশেষ নৈশভোজে অংশগ্রহণ করেছেন।

​মঙ্গলবার স্থানীয় সময় রাতে নিউইয়র্কের ঐতিহ্যবাহী ‘লোটে নিউইয়র্ক প্যালেস’ হোটেলে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প যৌথভাবে এই সংবর্ধনা ও সান্ধ্যভোজের আয়োজন করেন।

​এর আগে সফরের দ্বিতীয় দিনে সকালে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস আয়োজিত এক উচ্চপর্যায়ের প্রাতরাশ পর্বেও প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী অংশ নেন।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাঁচ দিনের সফর বাস্তবায়নে গত সোমবার বিকালে নিউইয়র্ক পৌঁছান তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে জাতিসংঘে এটিই তাঁর প্রথম সফর। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ আলোচনায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘ মঞ্চে বক্তৃতা করতে যাচ্ছেন তিনি; এর আগে তাঁর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়া জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন।

​সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যিক প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বিশেষ করে দেশের নতুন গণতান্ত্রিক রূপান্তর, অর্থনৈতিক স্থিতিশীলতা, জলবায়ুর অভিঘাত মোকাবিলা এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের বিষয়গুলো তুলে ধরবেন তিনি।

​প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের পাশাপাশি দলের নেতা-কর্মীদের মাঝে ব্যাপক আগ্রহ পরিলক্ষিত হচ্ছে। অন্যদিকে, একই সময়ে জাতিসংঘ সদরদপ্তরের সামনে আওয়ামী লীগের অনুসারী নেতা-কর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছে।

​সফরসূচি অনুযায়ী, আগামী ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *