টানা পতনের মুখে থাকা রুপির মান ধরে রাখতে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের সুরক্ষা নিশ্চিতে সোনা ও রুপার আমদানি শুল্ক বাড়িয়েছে ভারত। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অর্থনীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ চাপে পড়ায় দেশটির সরকার এই কঠোর পদক্ষেপ নিয়েছে।
মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের প্রভাবে ভারতীয় রুপির অবমূল্যায়ন অব্যাহত রয়েছে। একই সঙ্গে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও চাপ তৈরি হয়েছে। এ অবস্থায় রুপির পতন রোধ ও রিজার্ভ শক্তিশালী করতে সোনা ও রুপার আমদানি শুল্ক বাড়িয়েছে নয়াদিল্লি।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সোনা আমদানির মূল্য ডলারে পরিশোধ করতে হয়। ফলে আমদানি যত বাড়ে, ততই বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ডলার খরচ হয় অথবা ডলার কিনতে গিয়ে রুপির ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়। চলমান সংঘাতের প্রভাবে গত এক বছর ধরে ডলারের বিপরীতে রুপির মান ধারাবাহিকভাবে কমছে।
এমন পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কয়েক দিন আগে দেশবাসীকে অন্তত এক বছরের জন্য সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
মঙ্গলবার রাতে জারি করা সরকারি প্রজ্ঞাপনে জানানো হয়, সোনা ও রুপার আমদানি শুল্ক বর্তমান ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে, অর্থাৎ শুল্কের পরিমাণ দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়ার আশঙ্কায় ভারত তীব্র জ্বালানি সংকটের মুখে পড়েছে। বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ হিসেবে তেলের দাম বৃদ্ধি সরাসরি ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে চাপ সৃষ্টি করছে।
আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় দেশটির লেনদেন ভারসাম্য ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়। এমন পরিস্থিতিতে গত রোববার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে পেট্রোল ও ডিজেল ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান।
ভারতে অপরিশোধিত তেলের পর আমদানির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সোনা। বিয়ে, উৎসব এবং ধর্মীয় কারণে দেশটিতে সোনাকে সম্পদ ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তবে এই বিলাসবহুল পণ্যের আমদানি কমিয়ে ডলার সাশ্রয় করাই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানানো হয়েছে।
সূত্র: এএফপি