মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ সরাল পুলিশ, যান চলাচল স্বাভাবিক
মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ সরাল পুলিশ, যান চলাচল স্বাভাবিক
মিরপুরে সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা পোশাকশ্রমিকদের ছত্রভঙ্গ করে যান চলাচল স্বাভাবিক করেছে পুলিশ। এ সময় আন্দোলনকারীদের সরিয়ে দিতে সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। তবে কোনো লাঠিচার্জ করা হয়নি এবং কাউকে আটকও করা হয়নি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রোববার (১ নভেম্বর) দুপুরে মিরপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম।
তিনি বলেন, শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। এ বিষয়ে মজুরি বোর্ডের মাধ্যমে কাজ চলবে। বিষয়টি শ্রমিকদের বোঝানোর চেষ্টা করা হলেও তারা সড়ক ছাড়তে রাজি হননি। পুলিশের ধারণা, আন্দোলনকারীদের সঙ্গে সরকারবিরোধী বা রাষ্ট্রবিরোধী কোনো চক্র যুক্ত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে।
মহিদুল ইসলাম আরও বলেন, জনভোগান্তি কমাতে পর্যাপ্ত পুলিশ সদস্য ও কর্মকর্তাদের নিয়ে সড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয়েছে। এ সময় সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হলেও লাঠিচার্জ করা হয়নি। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি এবং পুলিশের কোনো সদস্য আহত হননি।
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সড়ক পরিষ্কারের সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে মনোযোগী ছিল। কারও মোবাইল ফোন নিয়ে যাওয়া হয়ে থাকলে তা উদ্ধারের উদ্যোগ নেওয়া হবে। সাংবাদিকদের সঙ্গে কোনো অন্যায় হয়ে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রোববার সকাল থেকে মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। এতে পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়। একপর্যায়ে মিরপুর-১১ নম্বরে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
উল্লেখ্য, একই দাবিতে শনিবারও মিরপুরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। বর্তমানে ওই এলাকার যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।