আগামী গ্রীষ্মে সোলারের মাধ্যমে লোডশেডিং কমানোর আশা বিদ্যুৎমন্ত্রীর
আগামী গ্রীষ্মে সোলারের মাধ্যমে লোডশেডিং কমানোর আশা বিদ্যুৎমন্ত্রীর
আগামী গ্রীষ্মে সৌরবিদ্যুতের (সোলার) ব্যবহার বাড়িয়ে কিছুটা হলেও লোডশেডিং কমানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
রোববার (১ নভেম্বর) বিদ্যুৎ ভবনের বিজয় হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, সোলার বিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। গত আট মাস ধরে এ বিষয়ে কাজ করা হচ্ছে। এর অংশ হিসেবে আগামী ৩ ও ৪ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’।
তিনি বলেন, সরকারিভাবে এ ধরনের আয়োজন দেশে এবারই প্রথম। প্রধানমন্ত্রী নিজেও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নিজ বাসায় অফ-গ্রিড সৌরবিদ্যুৎ ব্যবস্থায় চলে গেছেন এবং সেখানে আর গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করছেন না।
জ্বালানির দাম বৃদ্ধির প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, এনার্জির দাম বাড়তে বাড়তে ৩২ ডলারে পৌঁছেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সৌরবিদ্যুতের দিকে এগিয়ে যেতে হবে।
সংবাদ সম্মেলনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।