মালয়েশিয়া সফর শেষ, এবার চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়ায় সংক্ষিপ্ত ও ফলপ্রসূ সফর শেষ করে চীনের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি চীনের দালিয়ান শহরের উদ্দেশে যাত্রা করেন।
মাত্র ১৮ ঘণ্টার এই সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ সফর শেষে তিনি মালয়েশিয়া ত্যাগ করলেন। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল ‘বুঙ্গা রায় কমপ্লেক্সে’ প্রধানমন্ত্রীকে উষ্ণ বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান। এ সময় কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মনজুরুল করিম ও ডেপুটি হাই কমিশনার শাহানারা মল্লিকাসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে জানান, মালয়েশিয়া সফর শেষ করে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখন চীনের দালিয়ানের পথে রয়েছেন। সেখানে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বিশেষ সম্মেলনে যোগ দেবেন এবং দুই দিনব্যাপী বিভিন্ন কর্মব্যস্ত কর্মসূচিতে অংশ নেবেন।
প্রেস সচিব আরও জানান, দালিয়ানের কর্মসূচি সম্পন্ন করে প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছাবেন। বেইজিংয়েই মূলত চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্রীয় সফরের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রীর এই দুই দেশীয় সফর আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।