৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি

মার্কিন অবরোধের মাঝেও চীনের কাছে তেল বিক্রিতে মরিয়া ইরান

আন্তর্জাতিক জলসীমায় আটকে থাকা জ্বালানি তেল চীনের কাছে বিক্রির চেষ্টা জোরদার করছে ইরান। তেহরানভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ‘ডিপ্লোহাউস’এর পরিচালক হামিদ রেজা গোলামজাদেহ সম্প্রতি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের এক সপ্তাহ আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি চীন সফর করেন। ওই সফরের মূল লক্ষ্য ছিল বেইজিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার করা।

গোলামজাদেহের মতে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং সমুদ্রপথে নানা বাধার কারণে ইরানের তেল রপ্তানি বর্তমানে চাপে রয়েছে। এ অবস্থায় আন্তর্জাতিক জলসীমায় থাকা তেলের মজুদ বিক্রির বিষয়ে চীনের সঙ্গে সমন্বয় বাড়াচ্ছে তেহরান।

তিনি আরও জানান, পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন, যাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি আলোচনায় ইরানের অবস্থান পরিষ্কার থাকে।
তেলের বাণিজ্যের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ইস্যুও সফরে গুরুত্ব পায়।

গোলামজাদেহ জানান, চীনা কর্তৃপক্ষের সঙ্গে হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে ওই অঞ্চলের নৌচলাচল নিরাপদ রাখা এবং নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়নে ইরানের আগের প্রস্তাবগুলো বাস্তবায়নের বিষয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়।

সূত্র: আল জাজিরা।

সর্বশেষ