ভিসা জটিলতার মাঝেই ইরানের যুক্তরাষ্ট্র যাত্রার প্রস্তুতি

May 17, 2026 Times Asian24
iran football 20260514210301
Share: Facebook X WhatsApp

আসন্ন ফিফা বিশ্বকাপের মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের প্রস্তুতি আর কূটনীতি নিয়ে ব্যস্ত সময় পার করছে ইরান জাতীয় ফুটবল দল। চূড়ান্ত পর্বের প্রস্তুতি সারতে সোমবারই তুরস্কের আনতালিয়ার উদ্দেশে রওনা দেবে তারা। সেখানে অনুশীলনের পাশাপাশি আমেরিকার ভিসার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করবে দলটি।
​শনিবার (১৬ মে) ইরান দলের প্রধান কোচ আমির গালেনোই এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত মার্চ মাসেও আনতালিয়ায় এক দফা অনুশীলন ও প্রীতি ম্যাচ খেলেছিল ইরানিরা।

​চূড়ান্ত দল থেকে বাদ পড়বেন ৪ জন

​বিশ্বকাপের এই চূড়ান্ত প্রস্তুতি শিবিরের জন্য ৩০ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ গালেনোই। তবে ফিফার নিয়ম অনুযায়ী বিশ্বকাপে সর্বোচ্চ ২৬ জনের দল নিবন্ধন করা যাবে। ফলে মূল স্কোয়াডে জায়গা পাওয়ার আগে কপাল পুড়বে চার ফুটবলারের।

​দল নির্বাচন নিয়ে ইরানি ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে কোচ আমির গালেনোই বলেন:

​”বিশ্বকাপের আগে এই চূড়ান্ত শিবিরের জন্য ৩০ জনকে বাছাই করা আমার কোচিং জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল।”
​ইরান দলের সবচেয়ে বড় তারকা ৩৩ বছর বয়সী স্ট্রাইকার মেহদি তারেমি। সাবেক পোর্তো তারকা তারেমি বর্তমানে অলিম্পিয়াকোসের হয়ে মাঠ মাতাচ্ছেন।

​পরীক্ষা দিতে হবে গাম্বিয়ার বিপক্ষে

​আনতালিয়ার এই শিবিরে দুটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে ইরানের। দলটির প্রীতি ম্যাচ আয়োজনের দায়িত্বে থাকা ইরানি-কানাডিয়ান ব্যবসায়ী সাম মেহদিজাদেহ জানিয়েছেন, আগামী ২৯ মে গাম্বিয়ার বিপক্ষে একটি ম্যাচ চূড়ান্ত হয়েছে। দ্বিতীয় ম্যাচটির প্রতিপক্ষ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

​কাটেনি ভিসা জটিলতা, আলোচনায় ফিফা

​যুক্তরাষ্ট্রের টিকিট পাওয়ার পথটা ইরানের জন্য মোটেও সহজ হচ্ছে না। ১৯৮০ সাল থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। ফলে তুরস্কে অবস্থানকালীনই ইরানি ফুটবলারদের আমেরিকার ভিসার কাজ শেষ করতে হবে।
​ইরানি ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ বৃহস্পতিবার দেশীয় গণমাধ্যমকে বলেন, “এখনো কোনো ভিসা দেওয়া হয়নি।”

​ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে খেলোয়াড়দের আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) দিতে হবে। তবে আনতালিয়া থেকে আঙ্কারার মার্কিন দূতাবাসের দূরত্ব ৪৫০ কিলোমিটারের বেশি হওয়ায় যাতায়াত নিয়ে বিপাকে পড়েছে দলটি।
​একই সাথে বর্তমান বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি ও যুদ্ধের উত্তেজনার মধ্যে নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত তেহরান। এ বিষয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে আলোচনা করতে চান মেহদি তাজ। জানা গেছে, শনিবার ইস্তাম্বুলে তুরস্ক ফুটবল ফেডারেশনের সভাপতি ইব্রাহিম এতহেম হাচিওসমানোগলু এবং ফিফার মহাসচিব মাতিয়াস গ্রাফস্ট্রমের সঙ্গে বৈঠক করেছে ইরানি প্রতিনিধি দল। তুরস্ক ফুটবল ফেডারেশন সামাজিক মাধ্যমে জানিয়েছে, বৈঠকে ইরানের প্রশিক্ষণ শিবির ও বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।

​অ্যারিজোনায় বেস ক্যাম্প, লস অ্যাঞ্জেলেসে প্রথম ম্যাচ
​ভিসা ও নিরাপত্তার সবুজ সংকেত পেলে আমেরিকায় পৌঁছে অ্যারিজোনার তুসানে নিজেদের বেস ক্যাম্প করবে ইরান। ‘গ্রুপ জি’-তে থাকা ইরানের বিশ্বকাপ মিশন শুরু হবে আগামী ১৫ জুন, লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। একই শহরে বেলজিয়াম এবং পরবর্তী সময়ে সিয়াটলে মিসরের মুখোমুখি হবে এশিয়ার পরাশক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *