বিচ্ছিন্ন মাথার জন্য সময় বেঁধে দিয়েছে নাগা সম্প্রদায়, অন্যথায়…

October 12, 2026 • Imran Hossain
1 6acc8a41c9398
Share: Facebook X WhatsApp

মণিপুরে বিচ্ছিন্ন মাথা ফেরাতে নাগা সংগঠনের ৪৮ ঘণ্টার আলটিমেটাম, পৃথক সংঘর্ষে নিহত ৯

মণিপুরে নতুন করে সহিংসতা: মাথা উদ্ধার করে পরিবারের কাছে ফেরানোর দাবি, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে এক ব্যক্তির বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে নাগা সম্প্রদায়ের একটি সংগঠন। নির্ধারিত সময়ের মধ্যে মাথাটি ফিরিয়ে দেওয়া না হলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। এদিকে রাজ্যটির তিন জেলায় পৃথক গোলাগুলির ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন।

সোমবার (১২ অক্টোবর) প্রকাশিত ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, কাংপোকপি জেলার মাকুই আশাং গ্রামে শনিবার সন্দেহভাজন সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৫২ বছর বয়সী অজিনবৌ আর নিহত হন বলে অভিযোগ উঠেছে। রোববার রাতে তাঁর মাথাবিহীন মরদেহ ময়নাতদন্তের জন্য ইম্ফলের জওহরলাল নেহরু ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে নেওয়া হয়।

তবে নিহত ব্যক্তির বিচ্ছিন্ন মাথা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে জয়েন্ট ট্রাইবস কাউন্সিল মণিপুর। সংগঠনটির দাবি, মাথাটি উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া এবং সম্মানজনক দাফনের ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত ময়নাতদন্ত করতে দেওয়া হবে না।

রোববার দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে নতুন করে ছড়িয়ে পড়া সহিংসতার জন্য দায়ী করে। তাদের ভাষ্য, এ হত্যাকাণ্ড মানবতার প্রতি চরম অবমাননা। ৪৮ ঘণ্টার মধ্যে বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে সংগঠনটি বলেছে, অন্যথায় ন্যায়বিচার নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ছদ্মবেশী পোশাক পরা সশস্ত্র ব্যক্তিদের সঙ্গে অজিনবৌয়ের বিচ্ছিন্ন মাথা দেখা গেছে বলে দাবি করা হচ্ছে।

তিন জেলায় পৃথক গোলাগুলি, নিহত ৯

মণিপুরে নতুন করে সহিংসতার সূত্রপাত হয় শুক্রবার রাতে কামজং জেলার চাসাদ গ্রামে। কুকি-অধ্যুষিত ওই গ্রামে অজ্ঞাতপরিচয় হামলাকারীদের গুলিতে পাঁচ সন্তানের ২২ বছর বয়সী এক মা নিহত হন। গ্রামটি নাগা-অধ্যুষিত কামজং জেলার মধ্যে অবস্থিত।

এ হত্যাকাণ্ডের পর কুকি ও নাগা সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলি শুরু হয়, যা শনিবার সকাল পর্যন্ত চলে। পরবর্তী সময়ে কামজং, উখরুল ও কাংপোকপি জেলায় পৃথক গোলাগুলির ঘটনায় শুক্রবার ও শনিবার অন্তত ৯ জন নিহত হন।

পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিং। হত্যাকাণ্ডগুলোর নিন্দা জানিয়ে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণ, শান্তি ও আইনশৃঙ্খলা পুনরুদ্ধার এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে কুকি ও নাগা সম্প্রদায়ের মধ্যে সংঘাত-সহিংসতায় ৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এ সময় বহু বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে।

এর আগে মণিপুরে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘাতে ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। ওই সংঘাতের ঘটনায় এখনো ৪৯ জন নিখোঁজ রয়েছেন এবং হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *