বাজেটের আগে তেলের দাম বাড়ানো জনগণের সাথে ধোঁকাবাজি: জামায়াত আমির
বাজেট ঘোষণার ঠিক আগমুহূর্তে তড়িঘড়ি করে জ্বালানি তেলের দাম বাড়ানোর তীব্র প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সরকারের এই পদক্ষেপকে জনগণের সাথে সরাসরি ‘ধোঁকাবাজি’ ও ‘গণবিরোধী’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।
গতকাল রোববার (৩১ মে) মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।
ফেসবুক পোস্টে জামায়াত আমির লেখেন, গত মাসেই জ্বালানি তেলের দাম প্রায় ৮ থেকে ১২ শতাংশ বাড়ানো হয়েছিল, যার প্রভাবে বাজারে নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের দাম আকাশচুম্বী। মানুষের আয় না বাড়লেও বেকারত্ব ও জীবনযাত্রার খরচ ক্রমাগত বাড়ছে। এমন পরিস্থিতিতে আবারও তেলের দাম বাড়ানো দেশের সাধারণ মানুষকে চরম বিপাকে ফেলবে।
তিনি সরকারের সমালোচনা করে বলেন:
”সরকার নিজেই আশ্বাস দিয়েছিল যে এই মাসে আর তেলের দাম বাড়ানো হবে না। কিন্তু বাজেট অধিবেশন শুরুর মাত্র এক সপ্তাহ আগে দেওয়া এই সিদ্ধান্ত স্পষ্টতই জনস্বার্থবিরোধী এবং জনগণের সাথে এক ধরনের প্রতারণা।”
ডা. শফিকুর রহমান দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সাথে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যোগসূত্র টেনে বলেন, অর্থনৈতিক এই চাপ সমাজ ও দেশের অস্তিত্বকে সংকটের মুখে ঠেলে দিচ্ছে।
জনগণকে ঘরে বসে না থেকে নিজের অধিকার আদায়ে রাজপথে নামার আহ্বান জানিয়ে তিনি বলেন, “অধিকার কেউ থালায় সাজিয়ে দিয়ে যাবে না, এটি লড়াই করে ছিনিয়ে আনতে হবে। জামায়াত সবসময় জনগণের পাশে থাকবে।”
প্রসঙ্গত, গত রোববার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে ডিজেল বাদে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ানো হয়েছে, যা আজ সোমবার (১ জুন) থেকে দেশজুড়ে কার্যকর হয়েছে।