পাকিস্তানে আরও বেড়েছে জ্বালানি তেলের দাম। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার পেট্রোলের দাম ১৪ রুপি ৯২ পয়সা এবং হাই-স্পিড ডিজেলের দাম ১৫ রুপি বৃদ্ধি করা হয়েছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সামা টিভি।
দেশটির পেট্রোলিয়াম বিভাগের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন প্রতি লিটার পেট্রোলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৪১৪ রুপি ৭৮ পয়সা। আর হাই-স্পিড ডিজেলের দাম হবে প্রতি লিটার ৪১৪ রুপি ৫৮ পয়সা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শুক্রবার (৮ মে) রাত ১২টার পর থেকেই নতুন দাম কার্যকর হবে।
এর আগে গত ৩০ এপ্রিলও সরকার পেট্রোল ও হাই-স্পিড ডিজেলের দাম বাড়িয়েছিল। তখন পেট্রোলের দাম প্রতি লিটারে ৬ রুপি ৫১ পয়সা বাড়িয়ে ৩৯৯ রুপি ৮৬ পয়সা করা হয়। আর হাই-স্পিড ডিজেলের দাম বাড়ানো হয়েছিল ১৯ রুপি ৩৯ পয়সা।