চীনের তৈরি পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান ‘জে-৩৫এই’ পেতে যাচ্ছে পাকিস্তান। এ খবরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ভারতে। সম্প্রতি নিজেদের বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত করা এই অত্যাধুনিক যুদ্ধবিমান এবার পাকিস্তানের কাছেও সরবরাহ করতে যাচ্ছে বেইজিং। এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট।
চীনা গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর অনুষ্ঠিত প্যারিস এয়ার শো-তে প্রথমবারের মতো জে-৩৫এই যুদ্ধবিমানের মহড়া প্রদর্শন করা হয়। তখনই ইঙ্গিত দেওয়া হয়েছিল, খুব শীঘ্রই এই নতুন প্রজন্মের যুদ্ধবিমান আন্তর্জাতিক বাজারে আনা হবে। এবার আনুষ্ঠানিকভাবে সেটি প্রকাশ্যে আনার পাশাপাশি পাকিস্তানই যে এর প্রথম বিদেশি ক্রেতা হতে যাচ্ছে, সেই বার্তাও স্পষ্ট করা হয়েছে।
জে-৩৫ সিরিজ হলো চীনের দ্বিতীয় পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান। এর আগে জে-২০ যুদ্ধবিমান তৈরি করে আলোচনায় আসে বেইজিং। সেই ধারাবাহিকতায় এবার জে-৩৫এইকে আরও উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান হিসেবে সামনে আনা হয়েছে।
চীন এই যুদ্ধবিমানটির তুলনা করছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমানের সঙ্গে। বেইজিংয়ের দাবি, জে-৩৫এই শত্রুপক্ষের রাডারকে সহজেই ফাঁকি দিতে সক্ষম। এতে উন্নতমানের ইনফ্রারেড প্রযুক্তিও যুক্ত করা হয়েছে, যা যুদ্ধক্ষেত্রে লক্ষ্য শনাক্ত ও হামলার সক্ষমতা আরও বাড়িয়ে দেয়।
এর আগে জে-৩৫ সিরিজের যুদ্ধবিমান মূলত চীনের নৌবাহিনীর জন্য ব্যবহৃত হতো। তবে এবার বিমানটির উন্নত সংস্করণ জে-৩৫এই চীনের বিমানবাহিনীর হাতেও তুলে দেওয়া হয়েছে। এতে বোঝা যাচ্ছে, দেশটি নিজেদের সামরিক সক্ষমতা আরও আধুনিক করার দিকে জোর দিচ্ছে।
বিশ্বের সামরিক অস্ত্রের বাজারে শক্ত অবস্থান তৈরি করা এবং মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের সঙ্গে প্রতিযোগিতায় নামতেই চীন জে-৩৫ সিরিজ তৈরি করেছে বলে বিশ্লেষকদের ধারণা। তুলনামূলকভাবে এফ-৩৫-এর চেয়ে কম দামে উন্নত প্রযুক্তির স্টেলথ যুদ্ধবিমান সরবরাহ করতে পারাই বেইজিংয়ের বড় কৌশল হিসেবে দেখা হচ্ছে।