নারায়ণগঞ্জে র‍্যাবের তিন গোয়েন্দা সদস্যকে কুপিয়ে জখম

May 5, 2026 Times Asian24
prothomalo bangla 2026 05
Share: Facebook X WhatsApp

নারায়ণগঞ্জে সাদাপোশাকে থাকা র‍্যাবের গোয়েন্দা দলের তিন সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে শহরের দেওভোগের লিচু বাগ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে গুরুতর অবস্থায় উপপরিদর্শক (এসআই) নজিবুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ লিচু বাগ এলাকায় র‍্যাব-১১–এর সাদাপোশাকের একটি গোয়েন্দা দল মাদকের আস্তানা রেকি করতে সেখানে যায়। তারা সেখানে পৌঁছানোর পরপরই কিছু বুঝে ওঠার আগেই অতর্কিত ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। তারা র‍্যাবের তিন সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে তাঁদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) ভর্তি করা হয়। তাঁদের মধ্যে গুরুতর অবস্থায় উপপরিদর্শক(এসআই) নজিবুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্য দুজন হলেন মাহী (২৫) ও ইব্রাহিম (২৫)।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মাহবুব প্রথম আলোকে বলেন, সাদাপোশাকে র‍্যাবের একটি গোয়েন্দা দলের ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ ও র‍্যাবের অভিযান চলছে।

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, র‍্যাব সদস্যদের মাথায়, হাতে ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে রয়েছে। একজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনার খবর পেয়ে র‍্যাব-১১ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন আহত র‍্যাব সদস্যদের হাসপাতালে দেখতে যান। তিনি বলেন, তাঁদের সেখানে মাদকবিরোধী কোনো অভিযান ছিল না। সাদাপোশাকে র‍্যাবের একটি গোয়েন্দা দল সেখানে গেলে অতর্কিত মাদক ব্যবসায়ী-অস্ত্রধারী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। আহত র‍্যাব সদস্যদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *