৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ধর্মের নামে বিভক্তি চায় না বিএনপি: সালাহউদ্দিন আহমদ

ধর্মের নামে রাজনীতি ও বিভক্তি সৃষ্টি করতে চায় না বিএনপি উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচনে আওয়ামী লীগের ভোট পাওয়ার লোভে বিএনপির বিরুদ্ধে কথা বলছে একটি দল।

শুক্রবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির ৬ষ্ঠ দিনের উদ্বোধনী অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, একাত্তরের চেতনা নিয়ে যারা রাজনৈতিক ব্যবসা করতে চেয়েছে, তারা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। একাত্তরকে দলীয়করণ করা ঠিক হয়নি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের হত্যাযজ্ঞ ও দুর্নীতির ইতিহাস জাতিকে ভুলে গেলে চলবে না। আগামী নির্বাচনে অপরিকল্পিত বা আবেগ-তাড়িত সিদ্ধান্ত নয়, বরং সুস্পষ্ট ও সুষ্ঠু পরিকল্পনা নিয়ে এগোতে চায় বিএনপি।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, শুধু ৩৬ দিনের আন্দোলনের ফসল নয়, ২৪’র অভ্যুত্থান—এটি সাড়ে ১৫ বছরের সমষ্টিগত সংগ্রামের ফল।

নির্বাচনী তফসিল ঘোষণায় কেউ কেউ ভারাক্রান্ত হলেও, শেষ পর্যন্ত সবাইকে তা স্বাগত জানাতে বাধ্য হতে হয়েছে বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ।

সর্বশেষ