১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

দিল্লিতে দুই নারীকে হেনস্তা-ছিঁড়ে ফেলল পোশাক, তাকিয়ে হেসেছেন অন্যরা

ভারতের রাজধানী দিল্লিতে সকাল বেলা চা খেতে গিয়ে ভয়াবহ হেনস্তার শিকার হয়েছেন দুই নারী। কিছু উগ্র ব্যক্তি তাদের একজনের পোশাক টান দিয়ে ছিঁড়ে ফেলেন। কিন্তু প্রতিবাদ করার বদলে অন্যরা চেয়ে চেয়ে দেখেছেন। আবার কয়েকজন এমন ভয়াবহ ঘটনা দেখে হেসেছেনও।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত রবিবার দিল্লির নেহরু এলাকায় এ ঘটনা ঘটে।

তারা জানিয়েছে, সকাল ৭টার দিকে চায়ের দোকানে চা খাচ্ছিলেন ওই দুই নারী। এ সময় হঠাৎ করে কিছু উগ্র ব্যক্তি তাদের কাছে এসে বাজে মন্তব্য করা শুরু করে। তাদের মধ্যে একজন প্রতিবাদ করলে তারা চড়াও হন। এ সময় একজনের পোশাক টান দিয়ে ছিঁড়ে ফেলা হয়। এছাড়া একজন যৌন হেনস্তার অভিযোগও করেছেন।

হেনস্তার শিকার এক নারী বার্তাসংস্থা এএনআই-কে জানিয়েছেন, তারা স্বাভাবিকভাবেই বসে চা পান করছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তাদের উদ্দেশ্য করে উত্যক্ত ও হেনস্তা শুরু করেন। প্রথমদিকে তারা এর প্রতিবাদ করলে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে। পরে অভিযুক্তরা আরও কয়েকজনকে সেখানে ডেকে আনেন, যাদের মধ্যে কয়েকজন মদ্যপ অবস্থায় ছিলেন বলে দাবি করেন ওই নারী।

জানা গেছে, হেনস্তার শিকার দুই নারীর একজন ভারতের আসাম রাজ্যের এবং অন্যজন বিহার রাজ্যের বাসিন্দা।

এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি দুই নারীকে ঘিরে মৌখিকভাবে হেনস্তা করছেন এবং অশালীন ভাষায় গালাগাল দিচ্ছেন। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে।

পরে ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ফাহাদ, সাভেজ, আরিফ ও ফাহিম।

সর্বশেষ