তাহিরপুর সীমান্তে ভারতের কয়লা গুহা ধ্বসে বাংলাদেশি তরুণের প্রাণহানি
সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতে গিয়ে কয়লা তোলার সময় গুহা ধসে ইউনুছ আলী (২২) নামে এক বাংলাদেশি তরুণ প্রাণ হারিয়েছেন। বুধবার ভোরে সুনামগঞ্জের তাহিরপুর সংলগ্ন ভারতীয় ভূখণ্ডের একটি কয়লা কোয়ারিতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ইউনুছ তাহিরপুরের শ্রীপুর উত্তর ইউনিয়নের লালঘাট এলাকার ছমির উদ্দিনের সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোররাতে ১০-১৫ জনের একদল শ্রমিক চারাগাঁও সীমান্তের অঘোষিত পথ ব্যবহার করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। সেখানে একটি কয়লা কোয়ারির গর্তে নেমে তারা কয়লা উত্তোলন করছিলেন। একপর্যায়ে আচমকা ওপরের মাটি ধসে পড়লে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান ইউনুছ।
সঙ্গে থাকা বাকি শ্রমিকরা অক্ষত অবস্থায় দেশে ফিরে নিহতের পরিবারকে বিষয়টি জানান। পরবর্তীতে দুপুর আনুমানিক ১২টার দিকে স্বজন ও সহকর্মীরা মিলে ভারতীয় সীমান্ত থেকে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
এ বিষয়ে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। লাশের সুরতহাল শেষ করে আইনগত প্রক্রিয়ার দিকে এগোনো হবে।
২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির জানান, অনুপ্রবেশের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নিহতের সঙ্গে থাকা অন্য শ্রমিকদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং অবৈধ সীমান্ত অতিক্রমের দায়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।