ট্রাম্প-নেতানিয়াহুর ‘মাথার দাম’ নির্ধারণ করল ইরান

May 19, 2026 • Imran Hossain
1903
Share: Facebook X WhatsApp

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের (সেন্টকোম) শীর্ষ কমান্ডার ব্র্যাড কুপারের মাথার দাম নির্ধারণ করেছে ইরানের ইসলামি প্রজাতন্ত্রী সরকার।
ইরানের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্র নীতি বিষয়ক পার্লামেন্টারি কমিটির চেয়ারম্যান এব্রাহিম আজিজির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইউকে।

টেলিগ্রাফ ইউকে-কে এব্রাহিম আজিজি জানিয়েছেন, ট্রাম্প, নেতানিয়াহু এবং কুপার— ৩ জনের মাথার দাম নির্ধারণ করা হয়েছে ৫ কোটি ইউরো বা ৫ কোটি ৮০ লাখ ৮৩ হাজার ডলার। যে বা যারা এই ৩ জনকে ‘নরকে পাঠাতে পারবে’ তারা হবেন এই পুরস্কারের হকদার। তবে এখনও এটি অনানুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার পর্যায়ে আসেনি।

“পার্লামেন্টে ‘কাউন্টার-অ্যাকশন বাই মিলিটারি অ্যান্ড সিকিউরিটি ফোর্সেস অব দ্য ইসলামিক রিপাবলিক’ নামে একটি বিল তৈরি করা হচ্ছে। সেখানে সংবিধিবদ্ধভাবে এই পুরস্কারের ব্যাপারটি উল্লেখ করা হয়েছে। বিলটি আইনে পরিণত হলেই এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।”
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতেই এ আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এব্রাহিম আজিজি।

ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য মাহমুদ নাবাভিয়ান এ বিষয়ে টেলিগ্রাফ ইউকে-কে জানিয়েছেন, “ট্রাম্প এবং নেতানিয়াহুকে নরকে পাঠানো বিষয়ক বিলটির ওপর শিগগিরই পার্লামেন্টে ভোট হবে।”

ইরানের সরকারপন্থি সংবাদমাধ্যম মাসাফ এক প্রতিবেদনে জানিয়েছে, মাথার দাম ঘোষণার ব্যাপারটি ব্যাপকভাবে প্রচারের জন্যও আলাদাভাবে ৫ কোটি ডলার বরাদ্দ করা হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প এবং নেতানিয়াহুকে গুপ্তহত্যাকারীদের শিকার বানাতে এর আগেও প্রচার-প্রচারণা চালিয়েছে। গত বছর প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, “তারা যদি আমাকে হত্যার চেষ্টা করে; তাহলে যুক্তরাষ্ট্র অত্যন্ত কঠোর ভূমিকায় আসবে এবং তাদেরকে পৃথিবী থেকে মুছে ফেলবে।”

সূত্র : টেলিগ্রাফ ইউকে, এনডিটিভি ওয়ার্ল্ড

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *