চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনের নিরাপত্তারক্ষীর মরদেহ উদ্ধার

May 19, 2026 Imran Hossain
1920
Share: Facebook X WhatsApp

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাই কমিশনের ভেতর থেকে নরেন্দ্র (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি ঘিরে কূটনৈতিক এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত নরেন্দ্র ভারতীয় সহকারী হাই কমিশনে সহকারী নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। তিনি কমিশনের ভেতরের ডরমিটরিতে থাকতেন বলে জানা গেছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, সোমবার রাতে দায়িত্ব শেষে তিনি ডরমিটরিতে ঘুমাতে যান। মঙ্গলবার (আজ) সকালে দীর্ঘ সময় তার কোনো সাড়া না পেয়ে সহকর্মীরা খোঁজ নিতে গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি খুলশী থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে ভারতীয় সহকারী হাই কমিশনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *