সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জামায়াতে ইসলামীর বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি।
শুক্রবার (১৫ মে) বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে তৈলারদ্বীপ সেতুর বাঁশখালী প্রান্তের চাঁদপুর ব্রিজের টার্নিং পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, একটি কর্মসূচি শেষে বোয়ালখালী থেকে বাঁশখালী ফেরার পথে সংসদ সদস্যকে বহনকারী গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির জিপ গাড়ির পার্শ্ব-সংঘর্ষ হয়। এ সময় গাড়িতে সংসদ সদস্য ছাড়াও চালক মো. সাইদুল ইসলাম ছিলেন। দুর্ঘটনায় গাড়িটির ডান পাশের লুকিং গ্লাস ভেঙে যায় এবং দরজাসহ বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট সাইফুল ইসলাম মিনার। তিনি জানান, তৈলারদ্বীপ সেতুর বাঁশখালী অংশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি জিপ গাড়ি রং সাইডে এসে সংসদ সদস্যের গাড়িকে পাশ থেকে ধাক্কা দেয়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারানোর পরিস্থিতি সৃষ্টি হলেও চালকের তাৎক্ষণিক বিচক্ষণতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
চালক মো. সাইদুল ইসলাম বলেন, ‘আমরা আনোয়ারা হয়ে বাঁশখালীতে প্রবেশ করার পর বিপরীতমুখী জিপ গাড়িটি রং সাইড দিয়ে অত্যন্ত দ্রুতগতিতে পাশ কাটাতে গিয়ে আমাদের গাড়িতে আঘাত করে। পরিস্থিতি সামাল দিতে আমি গাড়িটি রাস্তার নিচে নামিয়ে দিই। তা না হলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যেতে পারত এবং প্রাণহানির আশঙ্কাও ছিল।’
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, সংসদ সদস্যের গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল। তবে তিনি অক্ষত রয়েছেন। গাড়িটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।