৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

‘গণভোটের রায়’ বাস্তবায়নে নতুন কর্মসূচি দিতে বৈঠকে বসেছে ১১ দল

ঢাকা: ‘গণভোটের রায়’ বাস্তবায়নে চলমান আন্দোলনের পরবর্তী নতুন কর্মসূচি নির্ধারণ করতে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
বৈঠকে জোটের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।

জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে বর্তমান আন্দোলনের পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী নতুন কর্মসূচি চূড়ান্ত করা হবে।
বৈঠক শেষে দুপুর সাড়ে ১২টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়েই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করবেন জোট নেতারা।
‘গণভোট অনুমোদিত জুলাই আদেশ’ অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে বর্তমানে জোটের দুই সপ্তাহব্যাপী কর্মসূচি চলছে।

এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গত ১৮ এপ্রিল রাজধানীতে এবং ২৫ এপ্রিল অন্যান্য মহানগরে গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্য।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২ মে দেশের সব জেলা শহরে গণমিছিল করার কথা রয়েছে।

এছাড়া ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত সারাদেশে লিফলেট বিতরণ এবং সব মহানগর ও গুরুত্বপূর্ণ জেলায় সেমিনার করারও ঘোষণা দেওয়া হয়েছিল।
আজকের বৈঠকে এসব কর্মসূচির ধারাবাহিকতায় নতুন কী কী পদক্ষেপ নেওয়া যায়, তা চূড়ান্ত করে আন্দোলনের পরবর্তী ধাপ ঘোষণা করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

সর্বশেষ