চলতি মাসের শুরুতে সমুদ্রপথে কুয়েতে অনুপ্রবেশের চেষ্টার সময় চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা নিজেদের ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সদস্য বলে স্বীকার করেছেন।
মঙ্গলবার কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, মে মাসের শুরুতে ইরান থেকে সমুদ্রপথে কুয়েতে প্রবেশের চেষ্টা করেন চার ব্যক্তি। পরে কুয়েতের নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখার দুই কর্নেল, একজন ক্যাপ্টেন এবং একজন লেফটেন্যান্ট কমান্ডার। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, কুয়েতের বুবিয়ান দ্বীপে অনুপ্রবেশের জন্য তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল।
কুয়েতের বৃহত্তম দ্বীপ বুবিয়ান ইরান উপকূলের কাছাকাছি অবস্থিত। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই দ্বীপকে কেন্দ্র করে নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোতে কুয়েত বরাবরই সতর্ক অবস্থানে রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, গত ১ মে একটি মাছ ধরার ট্রলারে করে ওই চার ব্যক্তি কুয়েতে প্রবেশের চেষ্টা করেন। কুয়েতের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে বিশেষ ভাড়ায় ট্রলারটি ব্যবহার করা হয়েছিল বলেও দাবি করেছে কর্তৃপক্ষ।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একই সঙ্গে কুয়েতের সামরিক বাহিনীও এ বিষয়ে অতিরিক্ত কোনো তথ্য প্রকাশ করেনি।
সূত্র: এএফপি