ইরানের সর্বোচ্চ নেতার বিদায়: তেহরানে বাংলাদেশের স্পিকারের শ্রদ্ধা, পেজেশকিয়ানের সাথে সাক্ষাৎ

July 4, 2026 Times Asian24
Untitled 2 6a48a1d9f10f6
Share: Facebook X WhatsApp

ইরানের সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশের পক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। তেহরানের গ্রান্ড মাসাল্লায় আয়োজিত এই রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি দল অংশ নেয়।

শোক বইতে স্বাক্ষর ও সমবেদনা প্রকাশ

​আজ শনিবার তেহরানে অনুষ্ঠিত ভাবগাম্ভীর্যপূর্ণ এই জানাজায় অংশ নিয়ে স্পিকার প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন। অনুষ্ঠান শেষে তিনি ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেন। এ সময় স্পিকার বাংলাদেশ সরকার ও দেশের জনগণের পক্ষ থেকে শোকসন্তপ্ত ইরানি জাতির প্রতি গভীর সহমর্মিতা জানান এবং একটি আনুষ্ঠানিক শোকবার্তা হস্তান্তর করেন। পরে তিনি সেখানে রক্ষিত শোক বইতে স্বাক্ষর করেন।

​এর আগে গতকাল ইরানের রাষ্ট্রীয় শেষকৃত্যে অংশ নিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তেহরান পৌঁছালে বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান দেশটির ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই।

দ্বিপাক্ষিক বৈঠক ও শান্তি চুক্তির প্রশংসা

​সফরকালে স্পিকার ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সাথে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে স্পিকার খামেনির এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। একই সাথে বাংলাদেশ ও ইরানের মধ্যকার ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধুত্বের কথা পুনর্ব্যক্ত করেন।

​আলোচনায় স্পিকার সম্প্রতি ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত শান্তি সমঝোতা স্মারকের প্রসঙ্গ টেনে আনেন। এই চুক্তি বাস্তবায়নে ইরানি স্পিকারের গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করে তিনি আশা প্রকাশ করেন, “এই উদ্যোগ পুরো মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনবে।” বাংলাদেশ সবসময় সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষে থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। সম্পর্ক আরও জোরদার করতে ইরানের স্পিকারকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান হাফিজ উদ্দিন আহমদ।

​”বাংলাদেশ ও ইরানের বন্ধুত্ব শতাব্দী প্রাচীন। সংলাপ ও কূটনীতির মাধ্যমেই যে কোনো সংকটের স্থায়ী সমাধান সম্ভব এবং বাংলাদেশ সবসময় এই শান্তি প্রক্রিয়ার পাশে থাকবে।”

হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম (স্পিকার, জাতীয় সংসদ)

 

ক্রিকেট উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা চাইল ইরান

​রাষ্ট্রীয় জানাজায় অংশ নেওয়ার পাশাপাশি স্পিকার ইরানের ক্রীড়া মন্ত্রী আহমাদ দুনিয়ামালীর সাথেও বৈঠক করেন। বৈঠকে ইরানের ক্রীড়া মন্ত্রী তাদের দেশে ক্রিকেটের মানোন্নয়নে বাংলাদেশের কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা কামনা করেন। দুই দেশের ক্রীড়াঙ্গনে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের আগ্রহ দেখায় ইরান। স্পিকার এই বার্তাটি বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।

​সফরের শেষভাগে স্পিকার ইরান রেডিও’র বাংলা বিভাগকে একটি বিশেষ সাক্ষাৎকার দেন। সেখানে তিনি দুই দেশের আঞ্চলিক ও দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে কথা বলেন। পাশাপাশি ইরানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাস সেবার মান বাড়াতে দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ জানাবেন বলেও উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *