অধিনায়কের শিকার অধিনায়ক, ৬১ রানে নেই নিউজিল্যান্ডের ৩ উইকেট

এপ্রিল ২৩, ২০২৬ Imran Hossain
2318
Share: Facebook X WhatsApp

নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথামকে সাজঘরে ফেরালেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তার বলে ফাইন লেগে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ল্যাথাম। তার বিদায়ে ৬১ রানে ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড।
এর আগে ‘দ্য ফিজ’ খ্যাত কাটারমাস্টার মোস্তাফিজুর রহমানের পর নিউজিল্যান্ড শিবিরে আঘাত হানেন তরুণ পেসার নাহিদ রানা। ৫৪ রানে ২ উইকেট নেই সফরকারীদের।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ‘অঘোষিত ফাইনালে’ ২৬৬ রানের লক্ষ্য তাড়া করছে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশ দলকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে ৩২ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ।

সেই অবস্থা থেকে দলকে খেলায় ফেরান সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও উইকেটকিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস। চতুর্থ উইকেটে তারা গড়েন ১৭৮ বলে ১৬০ রানের জুটি।

দলীয় ১৯২ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। ক্যারিয়ারের ১০১তম ওয়ানডেতে ১৩তম ফিফটি হাঁকিয়ে সাজঘরে ফেরেন লিটন। তিনি ৯১ বলে তিন চার আর এক ছক্কায় করেন ৭৬ রান।

দলীয় ২২১ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ফেরেন নাজমুল হোসেন শান্ত। তিনি ক্যারিয়ারের ৬৪তম ওয়ানডেতে চতুর্থ সেঞ্চুরি করে সাজঘরে ফেরেন। তার ইনিংসটি ১১৯ বলে ৯টি চার আর দুটি ছক্কায় সাজানো।

শান্ত আউট হওয়ার পর আসা-যাওয়ার মিছিলে অংশ নেন লেজের ব্যাটসম্যানরা। যে কারণে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। শেষ দিকে ১৮ বলে ২২ রান করেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। ২৯ বলে দুই চার আর এক ছক্কায় ৩৩ রানে অপরাজিত ছিলেন তাওহীদ হৃদয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *