ভারতের প্রধানমন্ত্রীর সফরসূচিতে নিরাপত্তা বিপর্যয়: মুম্বাইয়ে ভুয়া পিএমও কর্মকর্তা ও সশস্ত্র ব্যক্তি গ্রেফতার, সর্বোচ্চ সতর্কতা

September 8, 2026 Times Asian24
10 1788874925
Share: Facebook X WhatsApp

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বাই সফর কেন্দ্র করে তৈরি হলো তীব্র নিরাপত্তাশঙ্কা। প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত অনুষ্ঠানস্থলে ভুয়া পরিচয়পত্র দেখিয়ে অস্ত্রসহ প্রবেশকালে আটক করা হয়েছে দুই ব্যক্তিকে। এ ঘটনার পর পর পুরো এলাকায় জুড়ে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।

​সোমবার রাতে মুম্বাইয়ের বান্দা কুরলা কমপ্লেক্সের ‘জিও ওয়ার্ল্ড প্লাজা’ এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। সেখানে অবস্থিত নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে (এনএমএসিসি) প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে পুলিশ যখন আগাম নিরাপত্তা জোরদারে ব্যস্ত, ঠিক তখনই সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করা দুই ব্যক্তিকে নজরদারিতে নেয় মুম্বাই পুলিশ। পরে তল্লাশি চালিয়ে ২৪ বছর বয়সী রোহান পারেখ এবং তার সঙ্গে থাকা একজন সশস্ত্র দেহরক্ষীকে হাতেনাতে ধরে ফেলা হয়।

​আটক করার পর রোহান নিজেকে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) পদস্থ কর্মকর্তা বলে পরিচয় দেন এবং একটি পরিচয়পত্র প্রদর্শন করেন। তবে তাৎক্ষণিক যাচাই-বাছাই শেষে মুম্বাই পুলিশ নিশ্চিত হয় যে, জমা দেওয়া সরকারি পরিচয়পত্রটি সম্পূর্ণ ভুয়া ও জাল।

​পুলিশ সূত্রের খবর, ধৃতদের হেফাজত থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে অস্ত্রটি বৈধ বা লাইসেন্সকৃত বলে জানা গেলেও, একটি স্পর্শকাতর ও হাই-প্রোফাইল ভেন্যুতে জালিয়াতির আশ্রয় নিয়ে অস্ত্রসহ প্রবেশ করার পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

​ঘটনার গভীরতা বিবেচনা করে ইতিমধ্যে মামলার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের হাতে। যৌথভাবে আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে। উল্লেখ্য, মঙ্গলবার আয়োজিত ‘গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৬’-এ প্রধানমন্ত্রী মোদির অংশ নেওয়ার কথা ছিল। সফর শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ সময়োপযোগী পদক্ষেপে সম্ভাব্য একটি বড় ধরনের নিরাপত্তা বিপর্যয় এড়ানো গেছে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *