দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির

October 12, 2026 • Imran Hossain
cocros pic
Share: Facebook X WhatsApp

 

ভারতের দিল্লিতে যন্তর মন্তরে বিক্ষোভ করার নতুন তারিখ নির্ধারণ করে দিতে পুলিশকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এই সময়ের মধ্যে পুলিশ কোনো জবাব না দিলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির সহ-সমন্বয়ক আশুতোষ রাঙ্কা।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সোমবার (১২ অক্টোবর) আরেক সহ-সমন্বয়ক সৌরভ দাসকে সঙ্গে নিয়ে পার্লামেন্ট স্ট্রিট থানায় যান রানকা। সেখানে তারা বিক্ষোভের জন্য নতুন তারিখ নির্ধারণের দাবি জানান।

সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাস বলেছেন বলেন, ‘যন্তর মন্তর বিক্ষোভের জন্য নির্ধারিত স্থান। সেখানে আমরা কবে বিক্ষোভ করতে পারব, সেই তারিখ জানতে এসেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা কোথায় বিক্ষোভ করব? আগামী ২৪ ঘণ্টার মধ্যে পুলিশকে জানাতে হবে, কীভাবে আমরা বিক্ষোভ করতে পারি। অন্যথায় আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’

গত ১০ অক্টোবর যন্তর মন্তরে সিজেপির প্রস্তাবিত বিক্ষোভের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। আয়োজকদের পক্ষ থেকে স্বল্প সময়ের নোটিশ দেওয়া, আগের বিক্ষোভে নিয়ম লঙ্ঘনের অভিযোগ এবং জননিরাপত্তা, যান চলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানিয়ে অনুমতি প্রত্যাখ্যান করা হয়।

পুলিশের দাবি, প্রস্তাবিত বিক্ষোভের বিষয়ে তাদের ৭ অক্টোবর জানানো হয়েছিল। অর্থাৎ, কর্মসূচির মাত্র তিন দিন আগে আবেদন করা হয়। অথচ নির্ধারিত নিয়ম অনুযায়ী, বিক্ষোভের জন্য অন্তত ১০ দিন আগে আবেদন জমা দিতে হয়।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ওই বিক্ষোভ আয়োজনের পরিকল্পনা করেছিল সিজেপি। এসআইআর কার্যক্রমে কথিত অনিয়মের প্রতিবাদে দলটির চলমান আন্দোলনের অংশ ছিল এই কর্মসূচি।

এ ছাড়া যন্তর মন্তরে সিজেপির আগের বিক্ষোভগুলোর কথাও উল্লেখ করেছে পুলিশ। তাদের অভিযোগ, এর আগে একটি বিক্ষোভ নির্ধারিত সময়ের পরও চলেছিল, যার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *