ডিজেলের দাম বৃদ্ধিতে বাস ও লঞ্চের টিকিটে অতিরিক্ত গুনতে হবে যাত্রীদের

September 23, 2026 Times Asian24
1790155191 screenshot 9 23 2026 3 15 48
Share: Facebook X WhatsApp

জ্বালানি তেলের মূল্য সামঞ্জস্য করার প্রভাব এবার সরাসরি এসে পড়ল দেশের গণপরিবহন খাতে। বাসের পর এবার নদীপথের যাত্রীদের জন্য বাড়ানো হলো লঞ্চের টিকিট ফি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে ২৩ পয়সা এবং পরবর্তী দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে ২০ পয়সা হারে অতিরিক্ত ভাড়া গুনতে হবে সাধারণ যাত্রীদের।

​বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত একটি দ্বিপাক্ষিক বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে নতুন এই ভাড়া পুনর্নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেন সড়ক ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

​মন্ত্রী জানান, বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি ও পরিচালনা ব্যয় বেড়ে যাওয়ায় নৌযান মালিক সমিতি ভাড়ায় ১৫ শতাংশ বৃদ্ধির দাবি জানিয়েছিল। তবে সাধারণ মানুষের অর্থনৈতিক স্বস্তির কথা মাথায় রেখে সরকার সেই দাবি আংশিক মেনে নিয়ে গড়ে ৭.৫৪ শতাংশ ভাড়া বৃদ্ধির অনুমোদন দিয়েছে। এছাড়া নৌপথে সর্বনিম্ন ভাড়ার সীমা ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে।

​সংবাদ সম্মেলনে নৌপরিবহনমন্ত্রী স্পষ্ট জানান, “ভাড়া বাড়ানো কখনোই সরকারের প্রথম পছন্দ নয়। কিন্তু বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে তেলের দাম বাড়ানো ছাড়া বিকল্প ছিল না। আমরা সর্বাত্মক চেষ্টা করেছি যাতে সর্বনিম্ন বৃদ্ধি নির্ধারণ করে যাত্রীদের ভোগান্তি সীমিত রাখা যায়। একই সঙ্গে তেলের দামের অযুহাতে যাতে কেউ অতিরিক্ত বা অনিয়মতান্ত্রিক ভাড়া আদায় করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।”

​এর আগে তেলের দাম সমন্বয়ের পর পরই নৌপথের মালিক পক্ষ থেকে প্রথম ১০০ কিলোমিটারে প্রতি কিলোমিটারে ৪ টাকা ৪৫ পয়সা (আগে ছিল ২ টাকা ৯৫ পয়সা) এবং পরবর্তী কিলোমিটারের জন্য ৪ টাকা ২ পয়সা (আগে ছিল ২ টাকা ৫২ পয়সা) করার একটি লিখিত প্রস্তাবনা দেওয়া হয়েছিল।

​উল্লেখ্য, নদীপথের আগে সড়কপথেও দূরপাল্লা ও নগর পরিবহনের বাসে কিলোমিটারে ১৭ পয়সা করে ভাড়া বৃদ্ধি করা হয়। প্রাক্কলন অনুযায়ী প্রতি কিলোমিটারে ২০ পয়সা বৃদ্ধির কথা থাকলেও জনস্বার্থ বিবেচনায় ৩ পয়সা ছাড় দিয়ে কার্যকর করা হয়েছে ১৭ পয়সা।

​গত এপ্রিলে ডিজেলের মূল্য লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানোর পর প্রথম দফায় বাসের ভাড়া কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছিল। নতুন এই ১৭ পয়সা যোগ হওয়ায় ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী বাস, মিনিবাস এবং দূরপাল্লার নৌ ও সড়কপথের যাতায়াত ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *