স্মার্টফোন বাজার মাতাতে আসছে ভিভোর ফ্ল্যাগশিপ ‘এক্স ৫০০’ সিরিজ, নজর বাংলাদেশেও
বিশ্বজুড়ে স্মার্টফোন জগতে শক্ত অবস্থান তৈরি করা জনপ্রিয় ব্র্যান্ড ‘ভিভো’ এখন বিশ্ববাজার জয়ের লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে। বর্তমানে প্রতি মাসে বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটি ছাড়িয়ে গেছে। উদ্ভাবনী প্রযুক্তি ও মানসম্মত ডিভাইসের ওপর ভর করে বিশ্বজুড়ে গ্রাহকদের কাছে দ্রুত প্রিয় হয়ে উঠছে চীনা এই প্রযুক্তিসংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি।
সম্প্রতি চীনের ডুংগুয়ানে ভিভোর প্রধান কার্যালয় পরিদর্শনকালে প্রতিষ্ঠানটির নান্দনিক ও পরিবেশবান্ধব কর্ম পরিবেশ নজর কাড়ে। আধুনিক প্রযুক্তি আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব মেলবন্ধন তৈরি করা হয়েছে বিশাল এই সদর দপ্তরে। কৃত্রিম জলাশয়, মনোরম সেতু এবং চারপাশের সবুজ প্রাকৃতিক আবহ পুরো প্রাঙ্গণে এক শান্ত ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখেছে।
বিকাশের ১৫ বছর পূর্তিতে আয়োজিত বিশেষ এক সংবাদ সম্মেলনে ভিভোর উচ্চপদস্থ কর্মকর্তারা তাঁদের ভাবনার কথা তুলে ধরেন। দক্ষিণ এশিয়া ও দক্ষিণ আফ্রিকা অঞ্চলের মহাব্যবস্থাপক গেব গাও জানান, বিশ্ববাজারের পাশাপাশি তারা বাংলাদেশের বাজারকে বিশেষ গুরুত্বের সাথে দেখছেন।
তিনি বলেন, “বাংলাদেশে মধ্যম বাজেটের স্মার্টফোনের দারুণ চাহিদা রয়েছে, পাশাপাশি প্রিমিয়াম ডিভাইসের বাজারও ক্রমান্বয়ে বড় হচ্ছে। গ্রাহকদের এই চাহিদার বিষয়টি মাথায় রেখেই খুব শিগগির বাংলাদেশি বাজারে আনা হচ্ছে নতুন ‘এক্স ৫০০’, ‘এক্স ৫০০ প্রো’ এবং ‘এক্স ৫০০ প্রো ম্যাক্স’ মডেলের প্রিমিয়াম স্মার্টফোনগুলো।”
অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের মতো ভিভো এখনই ইলেকট্রিক গাড়ি বা রোবোটিক্স খাতে নজর দিচ্ছে না উল্লেখ করে গেব গাও আরও জানান, প্রতিষ্ঠানটির মূল মনোযোগ থাকবে স্মার্টফোন এবং এর আনুসঙ্গিক যন্ত্রাংশের ওপরই। গবেষণা ও নিত্যনতুন প্রযুক্তির উৎকর্ষ সাধনে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ভিভো গ্রাহকদের সেরা অভিজ্ঞতা উপহার দিতে বদ্ধপরিকর।