ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ইহুদি সন্ত্রাসবাদ’: সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী নফতালি বেনেট
নিরপরাধ আরব নাগরিকদের বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে সরাসরি ‘ইহুদি সন্ত্রাসবাদ’ হিসেবে চিহ্নিত করেছেন ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী নফতালি বেনেট। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর উগ্রবাদী ইসরায়েলি দখলদারদের হামলা আশঙ্কাজনকভাবে বৃদ্ধির প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন।
জেরুজালেমে আয়োজিত বার্ষিক ‘বেশেভা’ সম্মেলনে বক্তৃতা প্রদানকালে বেনেট এ অবস্থান স্পষ্ট করেন। তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে জানানো হয়, উক্ত সম্মেলনে সাবেক এই ইসরায়েলি সরকারপ্রধান বলেন, জাতীয়তাবাদী উস্কানি থেকে সাধারণ মানুষের ঘরবাড়িতে তাদের অবরুদ্ধ রেখে আগুন দেওয়া স্পষ্টতই সন্ত্রাসবাদের সামিল। এ ধরণের অপরাধমূলক কাজ কোনোভাবেই ইসরায়েলি বসতি স্থাপন আন্দোলনকে সহায়তা করে না উল্লেখ করে তিনি এর তীব্র নিন্দা জানান।
উল্লেখ্য, আসন্ন ইসরায়েলি সাধারণ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে এ বক্তব্য বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতি এবং পশ্চিম তীরে ইহুদি উগ্রবাদের প্রসারের বিরুদ্ধে বেনেট ছাড়াও দেশটির একাধিক সাবেক রাষ্ট্রপ্রধান ও সাবেক নিরাপত্তা কর্মকর্তারা ওসরব হয়েছেন।