বিশ্বমঞ্চে আবার লাল-সবুজের সুর: কিরগিজস্তানের সংগীতাঙ্গনে সূচনা শেলীর নতুন যাত্রা

August 24, 2026 Times Asian24
suchona 1 20260824173305
Share: Facebook X WhatsApp

বাংলার লোকসংগীতের ঐতিহ্যকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে এবার কিরগিজস্তান পাড়ি দিচ্ছেন জনপ্রিয় লোকশিল্পী সূচনা শেলী। সে দেশের ঐতিহ্যবাহী ও জমকালো আয়োজন ‘ওয়ার্ল্ড নোম্যাড গেমস’-এর ষষ্ঠ আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।

​এশিয়ার যাযাবর সংস্কৃতির ঐতিহ্য, ক্রীড়া ও শিল্প উদযাপনের এই বৃহৎ আসরটি ১ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। উৎসবের অন্যতম মূল আকর্ষণ সাংস্কৃতিক প্রতিযোগিতার ফোক সংগীত বিভাগে নিজস্ব ব্যান্ড ‘দিব্যজ্ঞানী’কে সঙ্গে নিয়ে মঞ্চ মাতাবেন সূচনা শেলী। পরিবেশনায় উঠে আসবে লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন, মরমি সুর এবং বাংলার মেঠো পথের চিরন্তন গাথা।

​আন্তর্জাতিক এই অংশগ্রহণের অনুভূতি প্রকাশ করে সূচনা বলেন, “আমাদের লোকসংগীত কেবল গান নয়, এটি এই জনপদের আত্মা ও জীবনদর্শনের কথা বলে। বিশ্বের বিভিন্ন দেশের মানুষের সামনে লালনের দর্শন ও মরমি সুর উপস্থাপন করতে পারা অত্যন্ত গর্বের। আমার মূল উদ্দেশ্য প্রতিযোগিতায় সেরাটা দেওয়ার পাশাপাশি বিশ্বমঞ্চে লাল-সবুজের গানের স্বকীয়তা তুলে ধরা।”

​উল্লেখ্য, এর আগে ২০২৫ সালেও কিরগিজস্তানের আন্তর্জাতিক এক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিশ্বের শতাধিক দেশের শিল্পীদের পেছনে ফেলে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন সূচনা শেলী। আন্তর্জাতিক অঙ্গনে তাঁর এই ধারাবাহিক সাফল্য দেশীয় লোকসংগীতকে বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *