নবীজির জীবনী না জানার ফলেই ইসলামকে কঠিন হিসেবে উপস্থাপনের প্রবণতা: আজহারী
সিরাত বা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুমহান জীবনাদর্শ সম্পর্কে স্পষ্ট ধারণার অভাবে সমাজে ইসলামকে একটি কঠিন ও কঠোর ধর্ম হিসেবে তুলে ধরা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ মিজানুর রহমান আজহারী। তিনি স্মরণ করিয়ে দেন, বিশ্বনবী (সা.) সমগ্র মানবজাতির জন্য রহমত ও পরম কোমলতার প্রতীক হয়ে ধরা দিয়েছিলেন।
বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে শেয়ার করা এক দীর্ঘ নিবন্ধে তিনি এসব মন্তব্য করেন।
নিবন্ধে জনপ্রিয় এই ইসলামি বক্তা বলেন, ইসলাম কেবল আনুষ্ঠানিক কিছু রীতিনীতি বা ইবাদতের নাম নয়; বরং এটি একটি প্রাণবন্ত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যার মূল স্পন্দন নিহিত রয়েছে প্রিয় নবীজির (সা.) সুন্নাহর মাঝে। রাসুলুল্লাহর (সা.) প্রতি আন্তরিক ভালোবাসা নিজের জীবন ও জাগতিক সর্বপ্রকার মোহের ঊর্ধ্বে না রাখা পর্যন্ত একজন মুমিনের ঈমান পূর্ণতা পায় না।
আজহারী বর্তমান মুসলিম বিশ্বের নানাবিধ সংকটের কথা তুলে ধরে বলেন, শিক্ষা-সংস্কৃতিতে পিছিয়ে পড়া, নৈতিক অবক্ষয়, অন্ধ আধুনিকতার অনুকরণ ও অভ্যন্তরীণ ভেদাভেদের মূল কারণ হলো মহানবীর (সা.) অনুকরণীয় শিক্ষা থেকে দূরে সরে যাওয়া। তিনি উল্লেখ করেন, সিরাত অনুধাবন না করে কেবল অন্ধ আবেগ দিয়ে বিশ্বনবীকে পুরোপুরি উপলব্ধি করা সম্ভব নয়। কোরআনের উদ্ধৃতি দিয়ে তিনি মনে করিয়ে দেন, মহানবী (সা.)-এর পবিত্র চরিত্রের মধ্যেই রয়েছে বিশ্ববাসীর জন্য সর্বাত্তম আর্দশ বা ‘উসওয়াতুন হাসানাহ’।
তিনি সর্বস্তরে নবিজির (সা.) জীবনের ক্ষমা, উদারতা, ব্যবসায়িক সততা ও পারিবারিক কাঠামোর সৌন্দর্য ফুটিয়ে তোলার আহ্বান জানান। তিনি যোগ করেন, ব্যক্তিগত আচরণের পরিবর্তন ও সামাজিক জীবনে সিরাতের বাস্তব প্রয়োগ নিশ্চিত করতে পারলেই কেবল বর্তমান মানসিক ও নৈতিক সংকট থেকে মুক্তি সম্ভব।