অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা জোরদারে কাতারে পররাষ্ট্রমন্ত্রী
দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা ও দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে দুই দিনের সরকারি সফরে কাতারে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে মঙ্গলবার দুপুরে দেশটির রাজধানী দোহায় অবতরণ করেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের খবর, সফরকালে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে বাংলাদেশে কাতারি বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি খাতের দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব এবং নতুন করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির বিষয়গুলো।
উভয় দেশের নীতিনির্ধারকরা অর্থনৈতিক উন্নয়ন এবং বাণিজ্য সম্প্রসারণের যৌথ সম্ভাবনা খতিয়ে দেখবেন। কূটনৈতিক মহলের মতে, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির পটভূমিতে জ্বালানি নিরাপত্তা ও বিনিয়োগ বৃদ্ধিতে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
এই সফরে পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে দোহায় অবস্থান করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা।
দ্বিপক্ষীয় আলোচনা ও আনুষ্ঠানিক কর্মসূচি শেষে বুধবার (১৯ আগস্ট) প্রতিনিধি দলটির দেশে ফেরার কথা রয়েছে।