ফ্রান্সে প্যারাসুট জাম্পিংয়ের বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১১
ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলীয় টম্বলাইন শহরে প্যারাসুট জাম্পিং বা স্কাইডাইভিংয়ের একটি বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ১১ জন নিহত হয়েছেন। রোববার (২৮ জুন) স্থানীয় সময় সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে আঞ্চলিক প্রশাসনের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
আঞ্চলিক প্রিফেক্ট ইভস সেগুয়ে জানান, বিমানটি স্কাইডাইভিং সেশনের সময় উড্ডয়ন করেছিল। এতে চালকসহ মোট ১১ জন আরোহী ছিলেন এবং দুর্ভাগ্যবশত তাদের কেউই বেঁচে নেই। স্থানীয় গণমাধ্যম বিএফএমটিভি জানিয়েছে, নিহতদের মধ্যে বিমানের পাইলট ছাড়াও পাঁচজন স্কাইডাইভিং প্রশিক্ষক এবং পাঁচজন স্বাধীন নার্স (ইন্ডিপেনডেন্ট নার্স) রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে দ্রুত উদ্ধারকারী দল পাঠানো হয়। উদ্ধারকাজে পুলিশের একাধিক ইউনিটের পাশাপাশি প্রায় ৫০ জন দমকলকর্মী অংশ নেন।
প্রিফেক্ট ইভস সেগুয়ে সংবাদমাধ্যমকে বলেন, বিমানটি প্রায় খাড়াভাবে এয়ারফিল্ডের পাশে একটি আবাসিক এলাকার কাছাকাছি আছড়ে পড়ে। দুর্ঘটনার সময় সেখানে নিহতদের আত্মীয়-স্বজনসহ বহু প্রত্যক্ষদর্শী উপস্থিত ছিলেন। তবে স্বস্তির বিষয় এই যে, বিমানের বাইরের কোনো সাধারণ পথচারী বা স্থানীয় বাসিন্দা এতে হতাহত হননি।
তদন্তের বিষয়ে তিনি জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য ফরেনসিক দলের অপেক্ষা করা হচ্ছে। এছাড়া ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রীও ঘটনাস্থল পরিদর্শনে আসছেন বলে জানা গেছে। স্থানীয় প্রশাসন নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।
উল্লেখ্য, স্কাইডাইভিং বিমানের এমন ভয়াবহ দুর্ঘটনা এবারই প্রথম নয়। এর মাত্র কয়েক সপ্তাহ আগেই যুক্তরাষ্ট্রের পশ্চিম মিসৌরিতে উড্ডয়নের পরপরই একটি স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছিল, যা বিমান খাতের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিশ্বজুড়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।