যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিকে স্বাগত জানিয়ে পাশে থাকার বার্তা দিল বেইজিং

June 24, 2026 Times Asian24
image 302817 1782300870
Share: Facebook X WhatsApp

আন্তর্জাতিক ডেস্ক ।।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সই হওয়া সাম্প্রতিক অন্তর্বর্তীকালীন সমঝোতা স্মারককে (এমওইউ) একটি বড় ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে পরাশক্তি চীন। একই সঙ্গে তেহরানের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা ও আত্মমর্যাদা রক্ষার লড়াইয়ে বেইজিংয়ের পূর্ণ সমর্থন বজায় থাকবে বলেও স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে।

​আজ বুধবার (২৪ জুন) চীনের রাজধানী বেইজিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এই প্রতিক্রিয়া জানান মুখপাত্র গুও জিয়াকুন।

​ব্রিফিংয়ে চীনা মুখপাত্র বলেন, “ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই চুক্তি বৈশ্বিক রাজনীতি ও আন্তর্জাতিক অঙ্গনে একটি ইতিবাচক বার্তা দিয়েছে। তবে এই সমঝোতার সুফল পেতে এবং এর সফল বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তরিকতা ও সমন্বয়ের সাথে কাজ করতে হবে।”

​আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর জোর দিয়ে গুও জিয়াকুন আরও বলেন, “চীন সবসময়ই আন্তর্জাতিক ক্ষেত্রে ন্যায়সঙ্গত অবস্থানকে প্রাধান্য দেয়। আমরা শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় যেকোনো ফলপ্রসূ উদ্যোগের পক্ষে আছি। সেই ধারাবাহিকতায় ইরানের ভৌগোলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদা রক্ষার বৈধ অধিকারকে বেইজিং সবসময় সমর্থন করে যাবে।”

​মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে তেহরানের ভূমিকার প্রশংসা করে চীনা মুখপাত্র জানান, উপসাগরীয় অঞ্চলের দেশগুলোসহ পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক জোরদারে ইরান যে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে, তাকেও ইতিবাচক হিসেবে দেখছে চীন। আঞ্চলিক শান্তি রক্ষায় তেহরানের এমন যেকোনো গঠনমূলক পদক্ষেপের পাশে থাকবে বেইজিং।

​— কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা অবলম্বনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *