‘নিজেদের পায়ে হেঁটে যাও, নয়তো তাড়ানো হবে’: ইসরায়েলকে ইরানি জেনারেলের হুঁশিয়ারি
দক্ষিণ লেবানন থেকে অবিলম্বে সেনা প্রত্যাহার না করলে ইসরায়েলকে আবারও ২০০০ সালের মতো চরম অপমানজনক পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এলিট শাখা ‘কুদস ফোর্স’-এর প্রধান জেনারেল ইসমাইল কানি এই হুমকি দেন।
ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির বরাত দিয়ে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জেনারেল কানি তেল আবিবকে স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেন, ইসরায়েল যদি লেবাননের মাটিতে তাদের ‘দখলদারিত্ব ও আগ্রাসী’ নীতি বজায় রাখে, তবে চরম পরাজয় ও গ্লানি নিয়ে তাদের ওই অঞ্চল ছাড়তে বাধ্য করা হবে।
জেনারেল কানি ইসরায়েলি কর্তৃপক্ষের উদ্দেশে সরাসরি বলেন, “নিজেদের ইচ্ছায় যদি দক্ষিণ লেবানন থেকে পা না গুটায় ইসরায়েল, তবে ২০০০ সালের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে। সে বছর যেভাবে পিছু হটে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, এবারও ঠিক তেমনই ঘটবে। এখন সিদ্ধান্ত সম্পূর্ণ তাদের।”
অন্যদিকে ইরানের এই হুঁশিয়ারিকে পাত্তাই দিচ্ছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, দক্ষিণ লেবাননের বাফার জোন থেকে এই মুহূর্তে সেনা সরানোর কোনো ইচ্ছাই ইসরায়েলের নেই। দেশের নিরাপত্তার স্বার্থে যতদিন প্রয়োজন, ততদিন সেখানে সেনা মোতায়েন থাকবে। সেই সঙ্গে ইসরায়েলের সার্বভৌমত্বের জন্য হুমকি এমন সব গোষ্ঠীর ওপর সামরিক চাপ অব্যাহত রাখারও ঘোষণা দেন তিনি।
উল্লেখ্য, দীর্ঘ ২২ বছর ধরে অবৈধ দখলদারিত্ব বজায় রাখার পর ২০০০ সালে তীব্র প্রতিরোধের মুখে দক্ষিণ লেবানন থেকে নিঃশর্তভাবে সেনা প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল ইসরায়েল। লেবাননবাসী প্রতি বছর ২৫ মে দিনটিকে ‘মুক্তিসংগ্রামের বিজয় দিবস’ হিসেবে উদযাপন করে আসছে। সেই ঐতিহাসিক পরাজয়ের সূত্র ধরেই এবার ইসরায়েলকে নতুন করে সতর্ক করল তেহরান।
সূত্র: প্রেস টিভি