যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধবিরতিকে ‘অর্থহীন’ করে দিয়েছে : ইরান

জুন ১১, ২০২৬ Imran Hossain
11263
Share: Facebook X WhatsApp

যুদ্ধবিরতি সত্ত্বেও টানা দুইদিন ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এরমাধ্যমে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিকে অর্থহীন বিষয়ে পরিণত করেছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত সোমবার হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ইরান এটি ভূপাতিত করেছে এমন দাবি করে তাদের ওপর হামলার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর মঙ্গলবার রাতে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্রের নৌ সেনারা। তাদের হামলার পর ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালায়।

গতকাল হামলা ও পাল্টা হামলার পর লড়াই থামলেও আজ মাঝরাতে আবারও সংঘর্ষ শুরু হয়। এতে করে গত এপ্রিলে হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি হুমকির মুখে পড়ে যায়। এখন ইরান এটিকে অর্থহীন হিসেবেই বিবেচনা করছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে আজ বৃহস্পতিবার (১১ জুন) এক বিবৃতিতে বলেছে, “গত কয়েক ঘণ্টায় যুক্তরাষ্ট্রের অবৈধ ও ক্রিমিনাল হামলা যুদ্ধবিরতির শুধু লঙ্ঘনই নয়, এটি যুদ্ধবিরতিকে অর্থহীনে পরিণত করেছে।”
“এসব অপরাধমূলক কর্মকাণ্ডের যে দায়ভার সেটি শুধুমাত্র যুক্তরাষ্ট্রের নেতৃত্বকেই বহন করতে হবে।”

হরমুজ বন্ধ করে দিলো বিপ্লবী গার্ড

গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হয়। যুক্তরাষ্ট্র এ যুদ্ধবিরতি বারবার ভঙ্গ করেছে উল্লেখ করে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বলেছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে। যদি কোনো জাহাজ হরমুজ পাড়ি দেওয়ার চেষ্টা করে তাহলে সরাসরি হামলা চালানো হবে বলেও সতর্কতা দিয়েছে তারা।

সূত্র: এএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *