দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৬

মে ৩০, ২০২৬ timesasian24
ham 6a00929fb5dd8
Share: Facebook X WhatsApp

নিজস্ব প্রতিবেদক | ঢাকা:  দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে এই রোগে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ৮৬ জন শিশু।

আজ শনিবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুরু করে আজ পর্যন্ত আড়াই মাসে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে সর্বমোট ৫৮৩টি শিশু প্রাণ হারিয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯০টি শিশু এবং বাকি ৪৯৩ জন মারা গেছে হামের বিভিন্ন উপসর্গ নিয়ে।

২৪ ঘণ্টার চিত্র
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৫৩ জন শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৩৩ জন। এই সময়ের মধ্যে সারা দেশে মোট ৯০৭টি শিশু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৩৯ জন।

সামগ্রিক পরিস্থিতি (১৫ মার্চ থেকে ৩০ মে)
চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারা দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ৬১২ জনে। এর মধ্যে ল্যাব টেস্টে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৮ হাজার ৯৯৬ জনের শরীরে।

আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মোট ৫৫ হাজার ৭০৫ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তবে আশার কথা হলো, যথাযথ চিকিৎসা শেষে ইতোমধ্যে ৫২ হাজার ৫০ জন শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেছে।

চিকিৎসকেরা শিশুদের সুরক্ষায় হামের টিকা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো উপসর্গে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *