আইনশৃঙ্খলা পরিস্থিতি রাতারাতি নিয়ন্ত্রণ সম্ভব নয়: পরিবেশমন্ত্রী

মে ৩০, ২০২৬ Imran Hossain
3007
Share: Facebook X WhatsApp

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রাতারাতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। তবে অপরাধ দমন, কিশোর গ্যাং নির্মূল এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে সরকার কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি জনগণের সহযোগিতাও প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

শুক্রবার (২৯ মে) ফেনীর সোনাগাজী কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। পরে তিনি বগাদানা ইউনিয়নের কাজীর হাট পুরোনো মসজিদসংলগ্ন নদীভাঙন এলাকা পরিদর্শন করেন।

এ সময় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন।

মন্ত্রী বলেন, ‘আমরা নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলাম যে স্থানীয় এলাকাগুলোয় শান্তি-শৃঙ্খলাসহ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করব। সেই চেষ্টা আমরা করছি। ইতিমধ্যে আমরা সফলও হয়েছি।’
ছোট ফেনী ও বড় ফেনী নদী এলাকায় অবৈধ বালু উত্তোলনের কারণে বিভিন্ন সেতু ঝুঁকিতে পড়ার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমরা ইতিমধ্যে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।

প্রশাসন ব্যবস্থা নিচ্ছে বলে আমাকে জানিয়েছে। বিষয়টি প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে হওয়ায় আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কেও ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছি। পানিসম্পদমন্ত্রীও ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে আব্দুল আউয়াল মিন্টু বলেন, ‘আমাদের সরকার ও আমরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছি। আগামী দিনগুলোয় আরও ভালো কিছু দেখতে পাবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *