ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম বাড়লো

মে ২৭, ২০২৬ Imran Hossain
27003
Share: Facebook X WhatsApp

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বিশ্ববাজারে আবারও বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। বুধবার (২৭ মে) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ মার্কিন ডলার অতিক্রম করেছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা, বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে সংকট এবং সরবরাহ নিয়ে অনিশ্চয়তার কারণে তেলের বাজারে চাপ তৈরি হয়েছে। এর প্রভাব মধ্যপ্রাচ্যসহ এশিয়ার বাজারগুলোতেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতার আশা অনেকটাই কমে গেছে। ফলে উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

এর আগে গত মাসের শেষ দিকে সংঘাত এবং হরমুজ প্রণালিতে জ্বালানি পরিবহন ব্যাহত হওয়ায় তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১২৬ ডলার ছাড়িয়ে গিয়েছিল। পরে কূটনৈতিক সমাধানের আশায় বাজার কিছুটা স্থিতিশীল হয় এবং সোমবার ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৯৭ ডলারে নেমে আসে।
তবে জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান এইচএফআই রিসার্চ জানিয়েছে, তেলের বাজার এমন এক অবস্থায় পৌঁছেছে, যেখান থেকে দ্রুত স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসা কঠিন হতে পারে।

বিশ্লেষকদের ভাষ্য, কয়েক সপ্তাহ ধরে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় বৈশ্বিক তেল মজুত কমে এসেছে। একই সঙ্গে গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুম ঘিরে পরিবহন খাতে জ্বালানির চাহিদাও বাড়তে পারে, যা বাজারে আরও চাপ তৈরি করবে।

সূত্র: দ্য গার্ডিয়ান

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *