১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, পুলিশ যাওয়ার আগেই চম্পট

রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেট এলাকায় আকস্মিক ঝটিকা মিছিল করেছে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও পরবর্তীতে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আজ রোববার (১৭ মে) সকাল ৮টার দিকে এই মিছিল অনুষ্ঠিত হয়। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিছিলকারীরা দ্রুত স্থান ত্যাগ করে।

​স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে আসাদগেট আড়ং শোরুমের সামনে ব্যানারসহ আকস্মিক জড়ো হয় আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সেখান থেকে তারা একটি মিছিল বের করে মিরপুর রোডের মোহাম্মদপুর অংশের দিকে রওনা হয়। মিছিল চলাকালে আশপাশের গলি থেকে আরও কিছু লোক এসে যুক্ত হলে এতে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন বলে স্থানীয়রা জানান। মিছিলটি মিরপুর রোড হয়ে আসাদগেটের কাছাকাছি গিয়ে শেষ হয় এবং মিছিলকারীরা দ্রুত যে যার মতো পালিয়ে যায়।

​ঘটনার প্রত্যক্ষদর্শী এক পথচারী জানান, “সকালে রাস্তাঘাট তুলনামূলক ফাঁকা ছিল। হঠাৎ করেই একদল লোক ব্যানার নিয়ে স্লোগান দিতে দিতে আড়ংয়ের সামনে থেকে বের হয়। কিছুক্ষণের মধ্যে তারা মিছিল শেষ করে আসাদগেটের দিকে গিয়ে ছড়িয়ে-ছিটিয়ে চলে যায়। পুরো বিষয়টি ১০-১৫ মিনিটের মধ্যে শেষ হয়ে যায়।”

​ঝটিকা মিছিলের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় মোহাম্মদপুর থানা পুলিশ। তবে তার আগেই মিছিলকারীরা সটকে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

​এ বিষয়ে যোগাযোগ করা হলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সকালে হঠাৎ করেই কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কিছু নেতাকর্মী আসাদগেট এলাকায় একটি সংক্ষিপ্ত মিছিল বের করার চেষ্টা করে। মিছিল শেষ করেই তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।”

​ওসি আরও জানান, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ পৌঁছানোর আগেই তারা চলে যাওয়ায় ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা যায়নি। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এই ঝটিকা মিছিলের পেছনে কারা জড়িত ছিল, তা সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার চেষ্টা চলছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আসাদগেট ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ